এইচ-১বি ভিসার নতুন নিয়মে বিভ্রান্তি দূর করল হোয়াইট হাউস। এক লক্ষ ডলারের ফি শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, জানাল মার্কিন প্রশাসন।
.jpeg.webp)
এইচ-১বি ভিসা
শেষ আপডেট: 21 September 2025 07:51
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘোষণায় ফের আলোচনায় এল এইচ-১বি ভিসা। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা পেতে আবেদনকারীদের এবার থেকে গুনতে হবে ১ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা। ঘোষণার পরেই বিদেশি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
বিশেষত মার্কিন মেটা, মাইক্রোসফ্ট ও অ্যামাজনের মতো সংস্থাগুলি নিজেদের এইচ-১বি এবং এইচ-৪ ভিসাধারী কর্মীদের সতর্ক করে নির্দেশ দেয়—কেউ যেন অন্তত ১৪ দিনের জন্যও দেশ না ছাড়েন। যারা ইতিমধ্যেই বিদেশে আছেন, তাদের রবিবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়। এতে আতঙ্ক আরও বাড়ে ভারতীয় কর্মীদের মধ্যে।
তবে হোয়াইট হাউস পরে স্পষ্ট করে জানায়, এই নতুন ফি বর্তমান ভিসা হোল্ডারদের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ যারা ইতিমধ্যেই এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত, তাদের নবীকরণ বা পুনঃপ্রবেশের ক্ষেত্রে ১ লক্ষ ডলার ফি দিতে হবে না। কেবল নতুন আবেদনকারীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স (X)-এ লেখেন, “এটি কোনও বার্ষিক ফি নয়, বরং এককালীন ফি। শুধুমাত্র ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রাত ১২টা ১ মিনিটের পর যাঁরা নতুনভাবে আবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।” এর ফলে আপাতত স্বস্তি পেয়েছেন মার্কিন মাটিতে কর্মরত ভারতীয় সহ বিদেশি এইচ-১বি ভিসাধারীরা।