
শেষ আপডেট: 10 December 2023 17:52
দ্য ওয়াল ব্যুরো: রবিবার, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের অসলোতে পুরস্কার প্রদান করা হয়।
এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার এবং মানবাধিকার আন্দোলনের মুখ নার্গিস মোহাম্মদী। কিন্তু ২০১৫ সাল থেকে তিনি ইরানের জেলে বন্দি। তাঁর হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করবে তাঁর জমজ সন্তানেরা।
নার্গিসকে গ্রেফতারের পর তাঁর ছেলে আলি ও মেয়ে কিয়ানা রহমানির পক্ষে ইরানে থাকা সম্ভব হচ্ছিল না। পুলিশ-প্রশাসনের হাজারো নিষেধাজ্ঞা, মানসিক নির্যাতনের মুখে কিশোর-কিশোরী ভাইবোন দেশ ছাড়ে। প্যারিসে রাজনৈতিক আশ্রয়ে আছে তারা। সেখান থেকে মায়ের পুরস্কার গ্রহণের জন্য নরওয়েতে গিয়েছে ভাই-বোন।
গত সাত বছর প্যারিসে দিন কাটছে নার্গিসের সন্তানদের। তারা জানে না আর কোনও দিন মায়ের সঙ্গে দেখা হবে কিনা। মায়ের মুক্তি অনিশ্চিত। তাদের পক্ষেও দেশে ফেরা কঠিন।
নার্গিস অবশ্য তাঁর সংকল্পে অবিচল। ক’দিন আগেই একটি টিভি চ্যানেলকে পাঠানো বার্তায় তিনি বলেছেন, যত বাধা, বিপদ আসুক, মানবাধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। নরওয়ের পুরস্কার প্রদান মঞ্চেও তাঁর ভাষণ পাঠ করা হবে। সন্তানেরা বিশ্ববাসীর উদ্দেশে পড়ে শোনাবে মায়ের কথা।