
ফাইল চিত্র
শেষ আপডেট: 30 March 2025 07:46
দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪৪। দেশটির সামরিক সরকার জানিয়েছে, প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছেন, এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবারের এই শক্তিশালী ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতি হয়েছে। রাজধানী ব্যাংককে এখনো ৭৮ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
উদ্ধারকাজ চলছে পুরোদমে। শনিবার বিকেলে মায়ানমারের মান্ডালয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ৩০ বছর বয়সী মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ‘রেড ক্রস’-এর অনুমান অনুযায়ী, ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে অন্তত ৯০ জন আটকে রয়েছেন। একই মত প্রকাশ করেছে মায়ানমারের সামরিক সরকার।
ব্যাংককে একটি ৩০ তলা নির্মীয়মাণ ভবন ধসে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৪২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেখানে এখনও ৭৮ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ধারণা করছে, এখনও অন্তত ১৫ জন জীবিত থাকতে পারেন, যাদের উদ্ধারে অভিযান চলছে।
শনিবার দুপুরেও মায়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ভারত-সহ একাধিক দেশ এগিয়ে এসেছে। ভারত প্রথম দফার ত্রাণসামগ্রী ইতিমধ্যেই পাঠিয়েছে এবং আরও সাহায্য পাঠানোর প্রস্তুতি চলছে। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জন সদস্যও উদ্ধার অভিযানে যোগ দেবেন।
এছাড়াও, চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইরান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া মায়ানমারকে সহায়তা পাঠাচ্ছে। চি থেকে ৮২ জনের একটি উদ্ধারকারী দল রওনা হয়েছে। দক্ষিণ কোরিয়া ২০ লক্ষ ডলারের ত্রাণ পাঠানোর ঘোষণা করেছে। মালয়েশিয়া ৪৯ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং মায়ানমারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।