
বিধ্বস্ত মায়ানমার
শেষ আপডেট: 31 March 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: আরও বাড়ল ভূমিকম্পে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মায়ানমারের বিপর্যয়ে মৃত্যু হয়েছে ২,০৫৬ জনের। আহত হয়েছেন, ৩,৯০০। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও উদ্ধারকাজ চলছে। এই অবস্থায় জুন্টা সরকার এক সপ্তাহ ধরে জাতীয় শোক (Week of mourning) ঘোষণা করল।
মায়ানমারের ভূমিকম্প (Myanmar Earthquake) এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। কম্পনের মাত্রা অতিরিক্ত হওয়ায় বিজ্ঞানীরা বলছেন, আফটারশক চলতে পারে কয়েকমাস পর্যন্ত।
শুক্রবার সকালে রিখটার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল ৭.৭। তার কয়েক মিনিটের মধ্যে ৬.৭ মাত্রার 'আফটারশক' হয়। এই জোড়া কম্পনেই কার্যত তছনছ হয়ে যায় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ। তার পরের ১০ ঘণ্টায় টানা ১৪ টি আফটারশকে কেঁপেছে মায়ানমার।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মায়ানমারের নীচে ভারতীয় এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে অন্তত ৩৩৪টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। যা আলাদা করে আতঙ্ক সৃষ্টি করেছে।
গৃহযুদ্ধে এমনিতেই বিধ্বস্ত মায়ানমার। তার উপর ভূমিকম্পের রেশ। এই অবস্থায় সাত দিনের জন্য জাতীয় শোকপালনের ঘোষণা করে বলা হয়েছে, ৬ এপ্রিল পর্যন্ত সরকারি দফতর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
এই অবস্থায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে সে দেশে পৌঁছেছে ভারতের বিমান। যার মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, ওয়াটার পিউরিফায়ার, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট, অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।