সংসদীয় বৈঠকে ভারতীয়দের নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানে থাকা ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনতে বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশগুলির মাধ্যমে তাঁদের ফেরানোর পরিকল্পনাও তৈরি রয়েছে।

ছবি - এআই
শেষ আপডেট: 19 March 2026 11:20
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির (Middle East Crisis) প্রভাব ভাল মতোই পড়তে শুরু করেছে ভারতীয়দের ওপর। ইরান-ইজরায়েল সংঘাতের (Iran Israel Conflict) জেরে বহু ভারতীয় আরব দুনিয়ার নানা প্রান্তে আটকে পড়েছিলেন। ইতিমধ্যে অবশ্য জানা গেছে, ২ লক্ষ ৪৪ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। তবে এখনও বহু ভারতীয় পড়ুয়া (Indian Students In Iran) সেখানে রয়ে গেছেন।
সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় ছাত্র রয়েছেন। তাঁদের মধ্যে একাংশ ইতিমধ্যেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে প্রায় ১ হাজার ছাত্র শীঘ্রই ইরান ছাড়বেন বলে জানানো হয়েছে বৈঠকে। তবে উল্লেখযোগ্য বিষয়, অনেক ছাত্র এখনও সেখানে থাকার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে বড় অংশই চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। ফলে তাঁদের পাঠক্রমের কারণে দ্রুত দেশে ফেরা সম্ভব হচ্ছে না বলেও মনে করা হচ্ছে।
সংসদীয় বৈঠকে ভারতীয়দের নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানে থাকা ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনতে বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশগুলির মাধ্যমে তাঁদের ফেরানোর পরিকল্পনাও তৈরি রয়েছে।
এই বৈঠকে বিরোধী পক্ষের সদস্যরাও একাধিক প্রশ্ন তোলেন। বিশেষ করে ইরান পরিস্থিতি নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যু নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানাতে দেরি হওয়া নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির জেরে ২২টি জাহাজ আটকে রয়েছে। তবে দেশজুড়ে জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি নেই বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্র। শোধনাগারগুলি পূর্ণ সক্ষমতায় কাজ করছে বলেও জানানো হয়েছে।
তবে বৈঠকে সব প্রশ্নের বিস্তারিত উত্তর মেলেনি। বিদেশসচিব উপস্থিত না থাকায় কিছু বিষয়ে লিখিতভাবে পরে উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সব মিলিয়ে, ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও ভারত সরকার আপাতত পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ছাত্রদের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ - এই দুই ক্ষেত্রেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে সরকারি মহলের দাবি।