
শেষ আপডেট: 31 October 2023 15:49
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-গাজা যুদ্ধের প্রায় ৩ সপ্তাহ অতিক্রান্ত। এই যুদ্ধে পক্ষ নেওয়া নিয়ে সারা বিশ্বের মানুষজন দ্বিধাবিভক্ত। কেউ ইজরায়েলের উপর হামাসের এমন হামলার নিন্দে করছেন, তো কেউ আবার দাবি করছেন গাজার উপর অহেতুক দখলদারি কায়েম করে রেখে সেখানকার মানুষকে শেষ করে দিচ্ছে ইজরায়েল। এর মধ্যেই ম্যাকডোনাল্ডস, স্টারবাকসের মতো ফুড চেনগুলির বেশ কিছু আউটলেট সোজাসুজিই এই যুদ্ধে ইজরায়েলের পক্ষ নিয়েছে। তার প্রতিবাদে প্যালেস্টাইনের সমর্থক এক যুবক যা করলেন, তাতে হতবাক নেটদুনিয়া! তিনি বাক্স বাক্স ইঁদুর নিয়ে এসে ম্যাকডোনাল্ডসের একটু আউটলেটে ছেড়ে দিয়েছেন! সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল গাজার হামাস বাহিনী। তার পাল্টা গাজায় অভিযান শুরু করেছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যুদ্ধবিরতির কোনও সম্ভবনাই নেই, হামাসকে শেষ না করা পর্যন্ত থামবেন না তাঁরা। আকাশপথে গোলাবর্ষণের পাশাপাশি স্থলপথেও শুরু হয়েছে হামলা। সুড়ঙ্গগুলি বন্ধ করার জন্য ভরে দেওয়া হচ্ছে স্পঞ্জ বোমা। ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ই ৮ হাজার ছাড়িয়েছে। তার মধ্যেই প্রায় অর্ধেকই শিশু এবং মহিলা বলে জানা গেছে।
সেই ঘটনার প্রতিবাদেই এবার এক প্যালেস্তিনীয় সমর্থক যা করলেন, তাতে তাজ্জব ইন্টারনেট। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে কয়েক বাক্স ইঁদুর নিয়ে এসেছেন ওই যুবক। সেগুলিকে স্প্রে পেইন্ট করে প্যালেস্টাইনের পতাকার রঙে রাঙানো হয়েছে। গাড়ি থেকে প্রথমে সেই বাক্সগুলি নামিয়ে নিয়ে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে ঢোকেন তিনি। বাক্সের উপর রাখা ছিল 'ফ্রি প্যালেস্টাইন' লেখা কয়েকটি কার্ড। তারপর সেই ইঁদুর-বাহিনীকে ছেড়ে দেন দোকানের ভিতর!
তাঁর কাণ্ডে হকচকিয়ে যান দোকানে উপস্থিত লোকজন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা।
জানা গেছে, ব্রিটেনের বার্মিংহ্যামে ম্যাকডোনাল্ডসের আউটলেটে এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।
দেখুন সেই ভিডিও:
Pro Palestine activists let loose dozens of rats in a Birmingham UK McDonalds. The rats were spray painted the colors of the Palestinian flag. pic.twitter.com/Cs94743YFi
— Dixie (@OSiiNT) October 31, 2023