শঙ্খদীপ দাস, লন্ডন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন (Mamata Banerjee London) সফরের আজ পঞ্চম দিন। আজ, বৃহস্পতিবারই অক্সফোর্ডের কেলগ কলেজে (oxford Kellogg College) বক্তৃতা দেওয়ার কথা তাঁর। সেই উদ্দেশে হোটেল থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Oxford)।
জানা গেছে, এদিন মমতার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল সরকারি ভাবে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানান, গাড়ি বড্ড নিচু। তাই তিনি বাসে করেই যাবেন। বাসে করে যেতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও বাসে যাবেন বলেই মনস্থির করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা নিয়ে বাংলার মানুষের মধ্যে আগ্রহ বা উৎসাহ যেমনই থাক, লন্ডনে কিন্তু উন্মাদনা তুঙ্গে। জানা গেছে, কেলগ কলেজে যে অডিটোরিয়ামে তিনি বক্তৃতা দেবেন, তার দু’শোটি আসনই বুক হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের উইনডো খোলা হয়েছিল। তাতে সব হাউসফুল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য এতে আবেদন জমা পড়েছে, যে কেলগ কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েই আসন বাড়িয়েছেন। তবে মূল প্রেক্ষাগৃহে আর আসন বাড়ানো সম্ভব নয়, তাই পাশের একটি হলে আরও দু’শ আসনের ব্যবস্থা করা হয়েছে। তাতেও এখনও ওয়েটিং লিস্টে আছে অনেক নাম। ওই প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর কথা শোনা যাবে ভার্চুয়াল মাধ্যমে।
আজ, বেলা ১১টা নাগাদ (ভারতীয় সময় বিকেল ৪:৩০), অক্সফোর্ডের জন্য রওনা দিয়ে, সেখানে পৌঁছে পাঠাগার ও বিশ্ববিদ্যালয় চত্বর তাঁর ঘুরে দেখার কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর একান্ত বৈঠকও হবে। তার পর বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান। ভারতীয় ঘড়িতে সময় তখন রাত ১১টা।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে এই বক্তৃতার সম্প্রচার সরাসরি দেখা যাবে। দ্য ওয়ালের ফেসবুক ও ইউটিউব পেজেও দেখা যাবে অনুষ্ঠানটি।
এদিন মহিলাদের ক্ষমতায়ন নিয়ে অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বক্তৃতার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিশির সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন কেলগ কলেজের ফেলা বাইনাম টুডোর ও লর্ড করন বিলিমোরিয়া।
মুখ্যমন্ত্রীর এই অক্সফোর্ডে বক্তৃতার অনুষ্ঠানের পরিকল্পনা আজকের নয়। সেই ২০২৩ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে জোনাথন কলকাতায় এসেছিলেন। তখনই অক্সফোর্ডে আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে। এতদিন পরে সেই অনুষ্ঠানই হতে চলেছে।