
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 March 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারের ভূমিকম্প (Myanmar Earthquake) এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। কম্পনের মাত্রা অতিরিক্ত হওয়ায় বিজ্ঞানীরা বলছেন, আফটারশক চলতে পারে কয়েকমাস পর্যন্ত। সেই রেশ কাটতে না কাটতেই ভূমিকম্প হয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় (Tonga Island)। আর এবার কেঁপে উঠল পাকিস্তানের (Pakistan) মাটি। বালুচিস্তানে (Balochistan) কম্পনের মাত্রা ছিল ৪.৬।
জানা গিয়েছে, এ দিনের কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বালুচিস্তান থেকে ৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থিত উথাল শহর। এমনটাই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে।
যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। করাচি এলাকার বহু বাসিন্দাই এ দিন কম্পন টের পেয়েছেন। পাকিস্তানে এখন ইদের উৎসব চলছে। মায়ানমার, ব্যাঙ্ককের পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
শুক্রবার সকালে রিখটার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল ৭.৭। তার কয়েক মিনিটের মধ্যে ৬.৭ মাত্রার 'আফটারশক' হয়। এই জোড়া কম্পনেই কার্যত তছনছ হয়ে যায় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ। তার পরের ১০ ঘণ্টায় টানা ১৪ টি আফটারশকে কেঁপেছে মায়ানমার।
মায়ানমারের নীচে ভারতীয় এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে অন্তত ৩৩৪টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। সোমবারের শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে মৃতের সংখ্যা ২০০০। যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই আবহে পাকিস্তানে ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছে।