
নাঈম কাশেম
শেষ আপডেট: 31 October 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: হাসান নাসারাল্লার মৃত্যুর পর নাঈম কাশেম হয়েছেন হিজবুল্লা প্রধান। আর তিনি ক্ষমতায় এসেই ইজরায়েলকে বড় শর্ত দিলেন। জানালেন হিজবুল্লা সবরকমের আক্রমণ বন্ধ করে দেবে। শান্তিচুক্তিতে সইও করবে কিন্তু তার আগে ইজরায়েলকে তাঁদের দাবি মানতে হবে।
হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার কয়েক মাস পর থেকেই লেবাননের হিজবুল্লা গোষ্ঠী ইজরায়েলকে আক্রমণ করতে শুরু করে। তারপর থেকেই আরব দুনিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। প্রথমে এয়ারস্ট্রাইক এবং পরে সার্জিক্যাল স্ট্রাইক করে লেবাননের একাংশ প্রায় ধ্বংস করে দিয়েছে ইজরায়েল সেনা। হত্যা করেছে হিজবুল্লার প্রাক্তন প্রধান সহ একাধিক শীর্ষ নেতাকে। এখন গোষ্ঠীর নয়া প্রধান কাশেম সংঘাতে ইতি টানার বার্তা দিলেন।
ইজরায়েলকে কাশেম শর্ত দিয়েছেন, আইডিএফ-কে লেবাননে হামলা করা পুরোপুরি বন্ধ করতে হবে। তাঁরা যদি আগ্রাসন কমিয়ে দেয় তাহলে হিজবুল্লাও শান্তির পথে হাঁটতে আগ্রহী। কিন্তু ইজরায়েল যদি এমনটা না করে, তাহলে হিজবুল্লা কোনও ভাবেই পাল্টা আক্রমণ থামাবে না।
সম্প্রতি লেবাননের বালবেক শহরে নতুন করে এয়ারস্ট্রাইক করেছে আইডিএফ। তাতে হিজবুল্লার কয়েকজন নেতা সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরই শান্তির বার্তা এল হিজবুল্লা গোষ্ঠীর তরফে। রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত হিজবুল্লার সঙ্গে আইডিএফ-এর সংঘাতে ১ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে লেবাননে।
ইজরায়েল অবশ্য হিজবুল্লার শর্ত কতটা মানবে তা স্পষ্ট নয়। কারণ নাঈম কাশেম হিজবুল্লা প্রধান হওয়ার পরই নেতানিয়াহুর দেশ হুঁশিয়ারি দিয়েছে, 'এই নিয়োগ তো আর আজীবনের জন্য নয়। মাত্র কদিনই পদে থাকবে পারবেন!' তাই মনে করা হচ্ছে, হিজবুল্লার তরফে যে শর্ত দেওয়া হয়েছে তা বিশেষ পাত্তা দেবেন না ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ তিনি আগেই হুমকি দিয়ে রেখেছেন, হিজবুল্লার শিকড় পুরোপুরি খতম না করে তিনি শান্ত হবেন না।