আফগানিস্তানের কান্দাহারে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার পর শুরু হলো রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 March 2026 23:52
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান (Afghanistan Pakistan Conflict)। পরপর গোলাবর্ষণে কেঁপে উঠেছে কান্দাহার। এর পালটা জবাবে পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চলে অবস্থিত একটি সেনা শিবির গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালিবান। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাত থেকে আফগানিস্তানে হামলা চালায় পাক সেনা। ইসলামাবাদের দাবি, সীমান্তে থাকা জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই ঘাঁটিগুলির মাধ্যমেই তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হচ্ছিল।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, কান্দাহার এলাকায় রাতভর অভিযান চালিয়েছে পাক বায়ুসেনা। এই অভিযানে একাধিক জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি তাঁর। পাশাপাশি সীমান্তের কাছে থাকা কয়েকটি জঙ্গিঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, রবিবার তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এই হামলার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতি খুবই সীমিত। কান্দাহারে একটি পুনর্বাসন কেন্দ্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের এই হামলার পালটা জবাব দিয়েছে তালিবান সেনা এবং ওয়াজিরিস্তানে একটি পাক সেনা শিবির ধ্বংস করা হয়েছে। যদিও এই বিষয়ে ইসলামাবাদ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।
উল্লেখ্য, গত মাস থেকেই রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। সেই জঙ্গিদের দমন করতেই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বারবার আকাশপথে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
লাগাতার পাক হামলার পালটা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত পেরিয়ে আক্রমণ চালায়। তালিবান প্রশাসনের দাবি, ওই অভিযানে পাকিস্তানের অন্তত ১২টি সীমান্তচৌকি তাদের দখলে এসেছে এবং পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে পালটা হামলার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই উত্তেজনার রেশ এখনও বজায় রয়েছে।