
জেমস ক্যামেরন (বাঁদিকে) ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
শেষ আপডেট: 28 February 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন ক্ষোভে-দুঃখে আমেরিকা ছাড়ছেন। তিনি নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারণ, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া মেনে নিতে পারছেন না 'টাইটানিক', 'অবতারের' মতো চিরকালীন ছবির পরিচালক। ক্যামেরন এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের আমলে আমেরিকা যা কিছু শালীন তার থেকে বিপরীতগামী হয়ে গিয়েছে।
নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমে ৭০ বছর বয়সি ক্যামেরনকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ট্রাম্পের দ্বিতীবার নির্বাচন নিয়ে তিনি কীরকম আতঙ্কে ছিলেন? ক্যামেরন জবাবে বলেন, আমি মনে করি এটা ভয়ঙ্কর। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যা কিছু শালীন তার উল্টোদিকে মোড় ঘুরছে। ঐতিহাসিক দিক থেকে আমেরিকা যুগ যুগ ধরে যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে, তার পক্ষে না থাকাটাও মার্কিন নাগরিকরা মেনে নিতে পারেন না। এটা পুরোটাই ফাঁপা একটি নীতি। আমি মনে করি, ওরা যত দ্রুত সম্ভব ওদের লাভের জন্য দেশটাকেও ফোঁপড়া করে দেবে।
টাইটানিক ছবির পরিচালক ২০১২ সাল থেকেই নিউজিল্যান্ডের সাউথ ওয়াইরারাপা-য় একটি বিরাট ডেয়ারি ফার্ম চালান। অবতার ছবির সময় তিনি নিউজিল্যান্ডের বিখ্যাত ওয়েলিংটন্স ওয়েটা ডিজিটালের সঙ্গে কাজ করেছিলেন। যে ছবিটি ভিজুয়াল এফেক্টসে অস্কার জিতেছিল। সেই ক্যামেরন অনেকদিন ধরেই পাকাপাকিভাবে নিউজিল্যান্ডের নাগরিক হয়ে আমেরিকা-ত্যাগের কথা বলে আসছিলেন।
আমেরিকা ও ট্রাম্প সম্পর্কে তাঁর মন্তব্য, প্রতিদিন খবরের কাগজের প্রথম পাতায় আমি ট্রাম্পের মুখ দেখতে চাই না। এটা বিরক্তিকর হয়ে যাচ্ছে, কুৎসিত ব্যাপার। নিউজিল্যান্ডে এরকমটা হয় না। খারাপ খবর ওরা অন্তত তৃতীয় পাতায় স্থান দেয়। আমি শুধু ওই লোকটার মুখ রোজ খবরের কাগজের প্রথম পাতায় দেখতে চাই না। এটাই অনিবার্য হয়ে উঠছে আমেরিকায়। যেন মনে হচ্ছে চোখের সামনে সব সময় একটি গাড়ি দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, এমন কিছু দেখে চলেছি।
উল্লেখ্য, অবতার সিনেমার দুটি পর্ব ২০০৯ ও ২০২১ সালে মুক্তি পেয়েছে। তাঁর এই সিনেমার তৃতীয় পর্বটি অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ এ বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। নতুন দেশের প্রশংসায় ক্যামেরন বলেন, আমি কানাডায় বড় হয়েছি। কানাডার সঙ্গে নিউজিল্যান্ডের অনেক মিল রয়েছে। এখানে মানুষের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।