
শেষ আপডেট: 14 November 2023 15:09
দ্য ওয়াল ব্যুরো: গাজার হাসপাতালেই অস্ত্রভাণ্ডার তৈরি করছে হামাস। র্যানটিসি হাসপাতালে সাধারণ মানুষকে বন্দি করে রাখা হয়েছে। হামাসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল ইজরায়েল। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে জোরাল প্রমাণ সামনে আনল ইজরায়েলি সেনা।
সম্প্রতি ইজরায়েলি ফৌজ অভিযান চালিয়েছে র্যানটিসি হাসপাতালে। আর সেখানকার বেসমেন্ট থেকেই বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে। যা নিয়ে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এনেছে ইজরেলের সেনাবাহিনী।
সোমবার গাজায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হানায় মৃত্যু হয়েছে হামাসের অন্যতম শীর্ষ নেতা আহমেদ সিয়ামের। তাঁর বিরুদ্ধেই র্যানটিসি হাসপাতালে রোগী ও গাজার সাধারণ মানুষকে বন্দি করে রাখার অভিযোগ উঠেছিল। সিয়ামকে হত্যা করার পরই র্যানটিসি হাসপাতালে অভিযান চালায় ইজরায়েলি ফৌজ।
এপ্রসঙ্গে ইজরায়েলের সেনার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি জানিয়েছেন, গাজার র্যানটিসি হাসপাতালের বেসমেন্টে হামাস অস্ত্র মজুত করেছে। গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক-সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে বন্দিদের থাকার প্রমাণও পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
ইজরায়েলি সেনার উদ্ধার করা একটি মোটরবাইকের গায়ে গুলির চিহ্ন রয়েছে, যা গত ৭ অক্টোবরের হামলার পর ইজরায়েলিদের পণবন্দিদের তুলে আনার জন্য ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এই হাসপাতাল থেকেও ইজরায়েলের বিরুদ্ধে হামাসরা লড়াই চালাত বলে তাদের অনুমান। এই মুহূর্তে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান ইজরায়েলের সেনাপ্রধান। ইজরায়েলের অভিযোগ, শুধু এই র্যানটিসি হাসপাতালই নয়, গাজার একাধিক হাসপাতালে হামাস নিজের ঘাঁটি তৈরি করেছে।
গত ৭ অক্টোবর হামলার পর থেকেই হামাস বাহিনীকে মুছে ফেলার ডাক দেয় ইজরায়েল। এরপর লাগাতার অভিযান চালাতে থাকে ইজরায়েলি সেনা। হামাসের বিরুদ্ধে পদক্ষেপ করতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় হামলা চালিয়েছে ইহুদি দেশটি। রবিবার থেকেই আল শিফা হাসপাতাল চত্বরে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। হাসপাতালের আশপাশে বোমা ফেলছে ইজরায়েলি বায়ুসেনা। হাসপাতাল ঘিরে ফেলেছে ইজরায়েলের যুদ্ধট্যাঙ্ক।