প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ বেড়েই চলেছে, বিশেষত বন্দিদের পরিবারের তরফ থেকে যুদ্ধবিরতির আহ্বান জোরাল হয়েছে। এরই মধ্যে এই হুঁশিয়ারি এল।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 August 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: গাজায় (Gaza) হামাসের হাতে বন্দি থাকা ইজরায়েলি (Israel) নাগরিকদের মুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজায় আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিলেন ইজরায়েল সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি জানিয়েছেন, “বন্দি মুক্তির বিষয়ে আলোচনায় সাফল্য না এলে অভিযান চলবে বিরামহীনভাবে।”
প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধ (Gaza Israel War) পরিস্থিতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ বেড়েই চলেছে, বিশেষত বন্দিদের পরিবারের তরফ থেকে যুদ্ধবিরতির আহ্বান জোরাল হয়েছে। এরই মধ্যে এই হুঁশিয়ারি এল।
ইজরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান জামির আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, “আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে বন্দি মুক্তির কোনও চুক্তিতে পৌঁছানো যাবে কি না। যদি না যায়, তাহলে যুদ্ধ চলবে কোনও বিরাম ছাড়াই।” আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা কিছুদিন আগে ভেঙে পড়ার পর থেকেই ইজরায়েলের অন্দরে কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলায় মোট ২৫১ জনকে অপহরণ করা হয়েছিল। এখনও পর্যন্ত ৪৯ জনকে গাজায় বন্দি অবস্থায় ধরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে, যাদের মধ্যে ২৭ জন ইতিমধ্যেই মৃত বলে অনুমান করা হচ্ছে।
সম্প্রতি দু'টি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে কয়েকজন বন্দিকে কঙ্কালসার ও দুর্বল অবস্থায় দেখা গিয়েছে। এই দৃশ্য ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।
গাজায় মানবিক সংকট তীব্রতর হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা অভিযোগ করছে, ইজরায়েলি অবরোধের কারণে গাজার জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে। তবে সেনাপ্রধান ইয়াল জামির এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে অনাহারে রাখার যে অভিযোগ করা হচ্ছে তা একটি মিথ্যা প্রচার। এই অপপ্রচার ইজরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধাপরাধী প্রমাণ করার উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।” তাঁর দাবি, গাজার মানুষের দুঃখ-দুর্দশার জন্য দায়ী হামাস।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১,২১৯ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইজরায়েলি সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৬০,৩৩২ জনের, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই পরিসংখ্যান জাতিসংঘ কর্তৃক বিশ্বস্ত বলে বিবেচিত।