
শেষ আপডেট: 13 October 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের শিশু ও মহিলাদের ওপর দানবীয় নির্যাতনের হুঁশিয়ারি দিয়েছিল প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। সেটা যে স্রেফ কথার কথা ছিল না, তা ছবি দেখিয়ে গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নিজের এক্স হ্যান্ডেলে হামাসের নৃশংসতার কিছু ছবি প্রকাশ করেছেন বেঞ্জামিন। ইজরায়েল সফরে গিয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কে। হামাসের দানবীয় হত্যালীলার ছবি তাঁকে দেখিয়েছেন নেতানিয়াহু। কিছু ছবিতে শিশুদের কালো ও পোড়া দেহ দেখা যাচ্ছে। বে়ঞ্জামিনের কথায়, “শিশুদেরও এরা রেহাই দেয়নি। হামাস অমানবিক।"
শতাধিক নিরীহ ইজরায়েলিকে পণবন্দি করে রেখেছে হামাস। তাদের উপর যে নির্মম নির্যাতন, হত্যালীলা চলছে তা অবর্ণনীয় বলে জানিয়েছে তেল আভিভ। ইজরায়েল প্রশাসনের কথায়, পণবন্দিদের অধিকাংশই শিশু ও মহিলা। তাদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে হামাস। এমনকী গর্ভবতী মহিলার পেট চিড়ে বাচ্চা বের করে দিয়েছে। বাবা-মায়ের সামনে গলা কেটে হত্যা করা হচ্ছে শিশুদের।
হামাস দাবি করেছে, তারা ১৬৩ জন ইজরায়েলি নাগরিককে বন্দি করে রেখেছে। গাজা স্ট্রিপের কোনও একটি গোপন সুড়ঙ্গে তাদের আটকে রাখা হয়েছে। বন্দি করে রাখা এই ইজরায়েলি নাগরিকদেরই মানব ঢাল বানাচ্ছে হামাস। এই পণবন্দিদের সামনে রেখে ইজরায়েলকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইজরায়েলি সেনার প্রতিটা পদক্ষেপের বলি হবে পণবন্দিরা। প্রতিটা আক্রমণের প্রত্যুত্তর হবে এক একজন পণবন্দির নির্মম মৃত্যু।
হামাসের এই অত্যাচারের কথা গোটা বিশ্বকে জানাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর থেকে সোশাল মিডিয়ায় একটি নবজাতকের মরদেহের ছবি পোস্ট করা হয়েছে। রক্তের মধ্যে পড়ে ছিল মরদেহটি। শনিবার হামাসের হামলায় শিশুটি মারা গিয়েছে।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার সকালে তেল আভিভ গেছেন। সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, ‘ইজরায়েলের ভূখণ্ডে হামাসের নৃশংসতার ছবি ও ভিডিও তিনি দেখেছেন। হামাস শিশুদের গুলি করেছে, সেনাদের মাথা কেটেছে। তরুণ যুবকদের গাড়ির মধ্যে পুড়িয়ে মেরেছে।’
ইজরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ১ হাজার ৩০০ নাগরিকের মৃত্যু হয়েছে। ১৯৪৮ সালে ইজরায়েল তৈরি হওয়ার পর এত রক্তপাত আগে হয়নি।