বিগত কয়েক সপ্তাহ ধরে সিনওয়ারের গোপন ডেরার সন্ধান চালাচ্ছিল আইডিএফ। ক'দিন আগেই সে সম্পর্কে তাঁরা জানতে পারে।

বেঞ্জামিন নেতানিয়াহু এবং মহম্মদ সিনওয়ার
শেষ আপডেট: 22 May 2025 08:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের অক্টোবর মাসে ইজরায়েল (Israel) খতম করেছিল হামাস (Hamas) প্রধান ইয়া সিনওয়ারকে। তারপরই এই পদের দায়িত্ব গিয়ে পড়ে তার ভাই মহম্মদ সিনওয়ারের (Mohammad Sinwar) ওপর। সূত্রের খবর ছিল, হামাসকে সেই থেকে মহম্মদই পরিচালনা করে। এবার তাকেও খতম করার দাবি করল ইজরায়েল। ইতিমধ্যে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেছেন, এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে সিনওয়ারের।
বিগত কয়েক সপ্তাহ ধরে সিনওয়ারের গোপন ডেরার সন্ধান চালাচ্ছিল আইডিএফ (IDF)। ক'দিন আগেই সে সম্পর্কে তাঁরা জানতে পারে। দক্ষিণ গাজার এক হাসপাতালে লুকিয়ে রয়েছে মহম্মদ এমনই তথ্য পায় ইজরায়েল সেনা। সেই পরিপ্রেক্ষিতেই করা হয় এয়ারস্ট্রাইক। আর তাতেই সিনওয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী। যদিও এখনও পর্যন্ত এই মৃত্যুর খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি হামাস।
সম্প্রতি সাংবাদিক বৈঠক করেছিলেন নেতানিয়াহু। সেখানেই তিনি জানান, নতুন বছরের শুরুর প্রথম ৫ মাসে তাঁরা গাজায় আরও হামাস জঙ্গিদের খতম করেছেন। একাধিক শীর্ষ নেতা যেমন ডেইফ, হানিয়ে, ইয়া সিনওয়ার নিকেশ হয়েছে, তেমনই মহম্মদকেও খতম করা হয়েছে। পাশাপাশি গাজার আরও বেশ কিছুটা অঞ্চলের দখল ইজরায়েল সেনা নিতে পেরেছে বলে অবগত করেন তিনি। নেতানিয়াহুর দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই গোটা গাজা স্ট্রিপ ইজরায়েলের দখলে চলে আসবে।
বর্তমানে গাজার বেশিরভাগ অঞ্চল আইডিএফ-এর দখলে। আর গত ১১ সপ্তাহ ধরে সেখানে ত্রাণ তহবিল পৌঁছনো নিয়ন্ত্রণ করছে তাঁরা। মাঝে গাজায় কোনও ত্রাণের গাড়ি ঢুকতে দিচ্ছিল না ইজরায়েল। তবে আমেরিকা, কানাডা, ফ্রান্স এবং ব্রিটেনের মতো 'বন্ধু' দেশগুলির চাপে সেখানে পাঁচটি গাড়ি ঢুকতে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে হয়তো ১০০ বা তার বেশি গাড়ি গাজায় ঢুকতে পারবে বলে আশাবাদী অনেকে।