
ইরানের সঙ্গে ইজরায়েলের বৈরিতার সম্পর্ক আরও কয়েক ফুট তলিয়ে গেল
শেষ আপডেট: 24 December 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্তাইন, লেবাননের পর এবার কি ইরানে সরাসরি হামলা চালাতে চলেছে ইজরায়েল? ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ শেষমেশ স্বীকার করে নিয়েছেন, গত জুলাই মাসে ইরানে ঢুকে হামাস নেতা ইসমাইল হানিয়ে-কে তারাই খুন করেছে। তাঁর এই কথায় ইরানের সঙ্গে ইজরায়েলের বৈরিতার সম্পর্ক আরও কয়েক ফুট তলিয়ে গেল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সোজাসাপটা বলেন, এখন কিছুদিন ধরে দেখা যাচ্ছে হুতি জঙ্গিরা ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হানা চালাচ্ছে। আমি কিছু বলার আগে ওদের স্পষ্ট করে শুনিয়ে দিতে চাই যে, আমরা হামাসকে হারিয়ে দিয়েছি। এবার পালা হুতি জঙ্গিদের। ইজরায়েল হুতি জঙ্গিদেরও ঘাঁটি নিশ্চিহ্ন করে দেবে। ওদের নেতাদের মাথা কেটে ফেলবে, যেমন আমরা করেছি ইরান, গাজা এবং লেবাননে। ওদের ডেরায় ঢুকে মেরেছি হানিয়ে, সিনওয়ার এবং নাসরাল্লাকে।
তিনি আরও বলেন, হুতিদের সাবধান করে বলে দিতে চাই, আমরা হামাস, হিজবুল্লাকে খতম করে দিয়েছি। এবার ওদের পালা। আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনে দিয়েছি। ক্ষতি করে দিয়েছি ওদের উৎপাদন ক্ষেত্রেও। আমরা সিরিয়ার আসাদ জমানাকে উৎখাত করেছি। শয়তানদের চক্রকে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। এবার ইয়েমেনের হুতি জঙ্গিদের পালা।
হিজবুল্লা-হামাসের পর ইজরায়েলের সঙ্গে এখন পাল্লা দিতে চাইছে ইয়েমেনের হুতি জঙ্গিরা। লোহিত সাগরীয় এলাকায় দীর্ঘদিন ধরে তাদের জলদস্যুরা বিভিন্ন দেশের পণবাহী জাহাজ কবজায় নিচ্ছে। সমুদ্রপথে বাণিজ্য করাই দুষ্কর হয়ে উঠেছে। সেই হুতি গোষ্ঠী ইদানীং ইজরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র হানা চালাচ্ছে ইরানি মদতে। হুতি জঙ্গিরা কেবলমাত্র ইজরায়েলের এবং আমেরিকার জাহাজকে লক্ষ্য করছে তা নয়, তেল আভিভেও হামলা চালাচ্ছে।
হুতি নেতা আবদুল মালিক আল-হুতি ইজরায়েলে হামলার ঘোষণা করেছেন। হুতিদের ক্ষেপণাস্ত্র অত্যন্ত বিপজ্জনক হতে পারে ইজরায়েলের বাণিজ্যনগরী তেল আভিভের পক্ষে। প্রায় ২,০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে হুতিদের হাতে। হুতি হামলার জবাবে আমেরিকা ও ইজরায়েল ইয়েমেনে হামলা চালালেও খুব বিশেষ একটা ক্ষতি করতে পারেনি।
এ বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে দিয়েছেন, তাঁদের এবারের নিশানা ইয়েমেনে হুতি জঙ্গিরা। ইজরায়েলের চর সংস্থা মোসাদের চিফ ডেভিড বারনিয়া গোপনে সরকারকে পরামর্শ দিয়েছেন ইরানে সরাসরি আঘাত হানার জন্য। হুতিদের মদত জোগাচ্ছে ইরান। তাই হুতিদের আগে ইরানকেই খতম করার শলা দিয়েছেন বারনিয়া। একটি উচ্চপর্যায়েল বৈঠকে তিনি সাফ জানান, হুতিদের পরে সামলে নেওয়া যাবে, তার আগে সরাসরি ইরানে আঘাত হেনে তাদের মাজা ভেঙে দিতে হবে।