ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, আরবদুনিয়ায় মার্কিন হামলা চালানোর জন্য কয়েকটি দেশের ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

দুবাইতে হামলা ইরানের
শেষ আপডেট: 16 March 2026 09:13
দ্য ওয়াল ব্যুরো: ফের দুবাইয়ে ড্রোন হামলা ইরানের। রবিবার রাতে তীব্র বিস্ফোরণ হয় দুবাই বিমানবন্দরের কাছে। এখনও অবধি হতাহতের খবর নেই। তবে বিস্ফোরণ থেকে আগুন লেগে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
দুবাইয়ে বিস্ফোরণের শব্দ, ধোঁয়া-আগুন দেখার দাবি
রবিবার সকালে দুবাইয়ের বিভিন্ন এলাকায় মানুষ জোরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। কেউ কেউ জানিয়েছেন, বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছিল। ড্রোন হামলার জেরে বিমান পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। বিমানবন্দরে থাকা যাত্রীরাও প্রাণ ভয়ে লুকিয়ে রয়েছেন।
ইরানের সতর্কবার্তা: দুবাই–দোহায় এলাকা খালি করতে বলা
এই ঘটনার কিছুক্ষণ আগে ইরান নাগরিকদের উদ্দেশে দুবাই ও দোহা শহরের কয়েকটি এলাকা খালি করার সতর্কতা দেয়। ইরানের মিডিয়া অপারেশন সেন্টার বলেছে, নির্দিষ্ট কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার মধ্যেই হামলা হতে পারে, তাই বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি দাবি করেছে, তেহরানের ধারণা, ওই এলাকাগুলোতে মার্কিন সামরিক কর্মীরা আশ্রয় নিয়েছে, তাই সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। দোহার তিনটি এলাকা, আইন খালেদ, লুসাইল ও আল ওয়াব- প্রেস টিভির প্রকাশিত মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। দুবাইয়ের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হলেও নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।
মার্কিন ঘাঁটি ব্যবহারের অভিযোগ
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, আরবদুনিয়ায় মার্কিন হামলা চালানোর জন্য কয়েকটি দেশের ঘাঁটি ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের খার্গ দ্বীপে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তা সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে নিক্ষেপ করা হয়েছে। যদিও এর প্রমাণ প্রকাশ করেনি তেহরান।
আরও অভিযোগ, আমিরশাহির বন্দর, ডক ও আশ্রয়স্থল মার্কিন বাহিনী ব্যবহার করেছে ইরানে হামলা চালানোর জন্য, যা নিয়ে রিপোর্ট করেছে একটি সংবাদমাধ্যম।
আমিরশাহির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি
রবিবার ইরান আরও এক দফা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় আমিরশাহির সবচেয়ে ব্যস্ত বন্দর-সহ আরও দু'টি বন্দর এলাকার কাছ থেকে লোকজনকে সরতে হবে। সংঘাত শুরুর পর এই প্রথম ইরান আমেরিকা নয়, বরং প্রতিবেশী কোনও দেশের স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তু করার কথা বলল।
যুদ্ধের তৃতীয় সপ্তাহে উত্তেজনা আরও বৃদ্ধি
ইরান ও মার্কিন-ইজরায়েল জোটের মধ্যে চলা এই যুদ্ধ রবিবার তৃতীয় সপ্তাহে পড়েছে। পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, এবং ঘটনাগুলো গোটা অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করেছে।