যদিও নতুন নেতাকে বেছে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তবু নির্বাচিত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তাদের মতে, এর পেছনে মূল কারণ নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক সংবেদনশীলতা। বিশেষ করে ইজরায়েলের সতর্কবার্তার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইতিমধ্যেই নতুন সর্বোচ্চ নেতাকে বেছে নিয়েছে
শেষ আপডেট: 8 March 2026 16:50
দ্য ওয়াল ব্যুরো: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি (Khamenei successor) কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। এবার সেই প্রশ্নের উত্তর অনেকটাই পরিষ্কার (Iran Supreme Leader successor selected)। তবে এখনই তা প্রকাশ্যে না নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস (Assembly of Experts Iran)।
ইরানের প্রভাবশালী ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইতিমধ্যেই নতুন সর্বোচ্চ নেতাকে বেছে নিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। তবে এখনও পর্যন্ত নির্বাচিত ধর্মীয় নেতার নাম প্রকাশ করা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতাকে নির্বাচনের দায়িত্বে থাকা এই সংস্থার সদস্যরা জানিয়েছেন, অভ্যন্তরীণ আলোচনা ও পর্যালোচনার পর একটি সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে।
খামেনেইয়ের মৃত্যুর পরেই এই বৈঠক ডাকা হয়েছিল। কারণ ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতার পদটি দেশের সবচেয়ে ক্ষমতাশালী অবস্থান।
খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য মোহসেন হেইদারি ইরানের সরকারি সংবাদসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে জানান, “অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের অধিকাংশ সদস্যের সমর্থন পাওয়া সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।”
সংস্থার আরেক সদস্য মহম্মদ মেহদি মিরবাঘেরিও এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, অ্যাসেম্বলির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে।
উত্তরসূরিও হতে পারেন ইজরায়েলের নিশানা
বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতিতে ইজরায়েল ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে, খামেনেইয়ের উত্তরসূরিও তাদের হামলার লক্ষ্য হতে পারেন (Khamenei successor Israel target)।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ আগে জানিয়েছিলেন, যদি ইরান ইজরায়েলের বিরুদ্ধে সংঘাত চালিয়ে যায়, তবে খামেনেইয়ের উত্তরসূরিও “স্পষ্টভাবে নির্মূল করার লক্ষ্যবস্তু” হয়ে উঠতে পারেন।
এই মন্তব্যের পরই ইরানের ধর্মীয় নেতৃত্বের ওপর চাপ আরও বেড়েছে। কারণ চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতাকে বেছে নিতে হচ্ছে।
কেন প্রকাশ করা হল না নাম?
যদিও নতুন নেতাকে বেছে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তবু নির্বাচিত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তাদের মতে, এর পেছনে মূল কারণ নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক সংবেদনশীলতা।
বিশেষ করে ইজরায়েলের সতর্কবার্তার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। কারণ খামেনেইয়ের উত্তরসূরিকে লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়াও সূত্রের দাবি, ক্ষমতার পরিবর্তন যাতে নির্বিঘ্নে হয় এবং ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে ঐকমত্য বজায় থাকে, তা নিশ্চিত করেই আনুষ্ঠানিক ঘোষণা করতে চাইছে তেহরান।