সোমবার রাতের দিকে এক সরকারি বিবৃতিতে তেহরান (Tehran) জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র (US) ইরানের পরমাণু কেন্দ্রে ঠিক যতগুলি বোমা ফেলেছে, আমরাও ততগুলিই ব্যবহার করেছি।”

খামেনেই
শেষ আপডেট: 24 June 2025 08:17
দ্য ওয়াল ব্যুরো: কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের (Iran) পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার আকাশ। সোমবার রাতের দিকে এক সরকারি বিবৃতিতে তেহরান (Tehran) জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র (US) ইরানের পরমাণু কেন্দ্রে ঠিক যতগুলি বোমা ফেলেছে, আমরাও ততগুলিই ব্যবহার করেছি”—এই ঘোষণাকে অনেকেই দেখছেন সম্ভাব্য শান্তির বার্তা হিসেবে।
ইরানের (Iran) জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে “ধ্বংসাত্মক এবং শক্তিশালী” ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ঘাঁটিটি শহরাঞ্চলের বাইরে হওয়ায় “বন্ধুসুলভ এবং ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের জন্য কোনও হুমকি তৈরি হয়নি।”
প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষা সূত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, “ইরান স্বল্প ও মধ্যমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।”
হামলার পর তৎক্ষণাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হোয়াইট হাউসের 'সিচুয়েশন রুম'-এ নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই তিনি ইরানের পদক্ষেপ পর্যবেক্ষণ করেন। তবে এখনও পর্যন্ত এই পাল্টা হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি মার্কিন মুলুক।
বিশেষজ্ঞদের মতে, ইরান যে 'সমান' সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে, তা শুধুই প্রতিশোধের বার্তা নয়—এতে ভবিষ্যতে সংঘাত নিরসনের একটা দরজা খোলা থাকল। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যেও মিলেছে সেই ইঙ্গিত (Iran Israel War)।
পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও ঔদ্ধত্যপূর্ণ হামলার প্রতিক্রিয়ায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কিছু ঘণ্টা আগেই কাতারের আল-উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল মার্কিন ‘বাংকার বাস্টার’ বোমার সংখ্যার সমান বোমা।”
এদিকে, ইরানের এই হামলার তীব্র নিন্দা করেছে সৌদি আরব, একে “অযৌক্তিক আগ্রাসন” বলে অভিহিত করেছে। কাতারকে সমর্থন জানিয়ে রিয়াধ বলেছে, “প্রয়োজনে দোহাকে পূর্ণ সহায়তা দেওয়া হবে।” অন্যদিকে কুয়েত সাময়িকভাবে “সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে” তাদের আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।