মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) মাঝরাতে যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি উড়িয়ে দিল ইরান। তেহরান জানাল, সংঘর্ষবিরতি সংক্রান্ত কোনও সমঝোতাই হয়নি।

ছবি: এআই
শেষ আপডেট: 24 June 2025 09:04
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-ইজরায়েল (Iran Israel Conflict), দুই দেশই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাচ্ছে। আর কোনও রকম যুদ্ধটুদ্ধ হবে না। মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) মাঝরাতে যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি উড়িয়ে দিল ইরান। তেহরান জানাল, সংঘর্ষবিরতি সংক্রান্ত কোনও সমঝোতাই হয়নি। মোদ্দা কথা, ইজরায়েল যদি নতুন করে হামলা না করে, তাহলে ইরানও আর নতুন করে সংঘর্ষে জড়াবে না।
ঘটনা হল, সোমবার মাঝরাতে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ-এ পোস্ট করে ট্রাম্প ইরান ও ইজরায়েলের (Iran Israel Conflict) মধ্যে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতির (Ceasefire) কথা জানান। বলেন, দুই দেশের যুদ্ধবিরতির এই চুক্তি ধাপে ধাপে কার্যকর হবে আগামী ২৪ ঘণ্টায়। শুরুটা করবে ইরান, ১২ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি পালন করে, তারপর ইসরায়েল।
কিন্তু বিষয়টা যে এতটাও সহজ নয় সেটা স্পষ্ট করে দিয়েছে ইরান। তেহরান ও তেল আভিভের মধ্যে সরাসরি যুদ্ধবিরতির কোনও চুক্তি হয়নি বলে জানালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ইজরায়েল যদি আগ্রাসন বন্ধ করে, তাহলেই ইরানও হামলা বন্ধ করতে প্রস্তুত— এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে তেহরানের তরফে। যদিও ইজরায়েল এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
তেহরানের দাবি, ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে ১৩ জন শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। অপরদিকে, ইরানের হামলায় ইজরায়েলের অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।