তবে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। একইভাবে, ইজরায়েলের নিরাপত্তা বাহিনী (Israel Defense Forces)-ও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

ইরানের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি
শেষ আপডেট: 26 March 2026 15:30
দ্য ওয়াল ব্যুরো: চলমান সংঘাতের চতুর্থ সপ্তাহে ইরানের নৌবাহিনী (IRGC Navy)-র প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন (Iran navy chief Alireza Tangsiri killed), দাবি ইজরায়েলের। এক ইজরায়েলি আধিকারিকের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ ইরানে একটি হামলায় মৃত্যু হয়েছে তাঁর।
তাংসিরি ছিলেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্দ কর্পস (IRGC)-এর নৌ শাখার প্রধান। জানা গিয়েছে, বান্দার আব্বাস শহরে হওয়া হামলাতেই তিনি নিহত হন। ওই আধিকারিক আরও দাবি করেছেন, আলিরেজা তাংসিরি-ই হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনা ও তদারকির দায়িত্বে ছিলেন।
তবে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। একইভাবে, ইজরায়েলের নিরাপত্তা বাহিনী (Israel Defense Forces)-ও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
যদি এই খবর সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে তা ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হতে চলেছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের নৌবাহিনীর কার্যক্রমে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ, সেখানে ইরানের কৌশলগত উপস্থিতিতে এর সরাসরি প্রভাব পড়তে পারে।
কে ছিলেন আলিরেজা তাংসিরি?
আলিরেজা তাংসিরি-র জন্ম ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে। ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই তাঁর সামরিক জীবনের সূচনা। পরে ১৯৮০-র দশকে তথাকথিত ‘ট্যাঙ্কার যুদ্ধ’-এ (Tanker Wars), যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম বড় সংঘর্ষ হিসেবে পরিচিত, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ক্রমশ অভিজ্ঞতা ও প্রভাব বাড়তে থাকায় IRGC নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন তিনি। বান্দার আব্বাসে IRGC নৌবাহিনীর প্রথম নৌ জোনের (1st Naval District) নেতৃত্বও দেন।
২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব সামলান। এরপরই IRGC নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং ইরানের সামুদ্রিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।
মার্কিন-ইজরায়েলি যৌথ সংঘর্ষে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই থেকে শুরু করে নিরাপত্তা প্রধান আলি লারিজানি, গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিব-সহ একাধিক শীর্ষ নেতৃত্বের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত একের পর এক ধাক্কা সামলে নিয়ে নিজেদের অবস্থা বজায় রেখেছে ইরান। তবে এবার আইআরজিসি প্রধানের মৃতুতে কীভাবে মোকাবিলা করতে চলেছে তেহরান? সেই দিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।