
শেষ আপডেট: 14 April 2024 08:06
দ্য ওয়াল ব্যুরো: শনি-রবির মধ্যে ইজরায়েলে সরাসরি আক্রমণ হানতে পারে আয়াতুল্লা খামেইনির সেনাবাহিনী। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন সূত্রকে উদ্ধৃত করে আশঙ্কার কথা জানিয়েছিল। বাস্তবে হলও তাই।
ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স সূত্রের খবর, শনিবার গভীর রাতে ২০০-র বেশি ড্রোন দিয়ে ইজরায়েলে হামলা চালাল ইরান। যদিও এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি ইজ়রায়েলের কোথায় আঘাত হেনেছে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেছে কি না তা এখনও জানা যায়নি।
ইরানের হামলার খবর জানিয়ে ইজ়রায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “ ইরান ইজ়রায়েলর উদ্দেশে ড্রোন হামলা চালিয়েছে। আমেরিকা এবং বাকি মিত্র দেশের থেকে আমরা সহযোগিতা চেয়েছি যাতে, এই হামলা রোধ করা যায়।”
এদিকে শনিবারই ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ডের নৌবাহিনী ইজরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত এমএসসি-এরিজ নামে একটি পণ্যবাহী জাহাজ নিজেদের হেফাজতে নিয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ভিডিওতে জাহাজ দখলের ভিডিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, জাহাজে ২৫ জনের মধ্যে ১৭ জন ভারতীয়।
পণ্যবাহী জাহাজটিতে পর্তুগিজ পতাকা ছিল। লন্ডনস্থিত জোডিয়াক মেরিটাইম কোম্পানির প্রত্যক্ষ মালিকানা হলেও এই কোম্পানিটি আদতে ইজরায়েলি ধনকুবের ইয়াল ওফার-এর জোডিয়াক গ্রুপেরই একটি সংস্থা।
ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে কমান্ডোরা ডেকের উপর রাখা কন্টেনারের উপর নামছে। জাহাজের এক নাবিককে বলতে শোনা যাচ্ছে, কেউ বাইরে এসো না। ততক্ষণে আরও কমান্ডো জাহাজে নেমে আসে। একজন কমান্ডোকে হাঁটু গেড়ে অস্ত্র হাতে তাক করে থাকতে দেখা গিয়েছে। সে অন্য সহকারীদের নামতে কভার ফায়ারিংয়ের জন্য তৈরি ছিল।
পরে জানা যায় এই হামলা চালিয়েছে ইরানের আধা সেনা রেভেলিউশনারি গার্ড। এর আগেও তারা একইভাবে অন্য জাহাজ নিজেদের কবজায় নিয়েছিল।
এদিকে ইজরায়েলের পাশে দাঁড়াতে মার্কিন রণতরী মোতায়েন করছে জো বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় শনিবার ভোররাত থেকে মার্কিন নৌবাহিনী তার বহর সাজানোর কাজ শুরু করেছে। একইসঙ্গে মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন ইরাক এবং সিরিয়ায় আকাশপথে নিরাপত্তাও জোরদার করছে। এই দুই এলাকায় ইরানের মদতে শতাধিকবার জঙ্গিবাহিনীর হামলা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভারতের মতো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং রাশিয়া এই দুই দেশে বসবাসকারী নাগরিক এবং ভ্রমণার্থীদের সতর্ক করে দিয়েছে।