দিন যত এগোচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (Iran Israel War)। আমেরিকা ও ইজরায়েলের (US-Israel) যৌথ হামলার পঞ্চম দিনে ইরানের (Iran Israel War Day 5) বিভিন্ন সামরিক ও পরমাণু পরিকাঠামোর উপর আবারও আঘাত হানা হয়েছে।

শেষ আপডেট: 4 March 2026 17:16
দ্য ওয়াল ব্যুরো: দিন যত এগোচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (Iran Israel War)। আমেরিকা ও ইজরায়েলের (US-Israel) যৌথ হামলার পঞ্চম দিনে ইরানের (Iran Israel War Day 5) বিভিন্ন সামরিক ও পরমাণু পরিকাঠামোর উপর আবারও আঘাত হানা হয়েছে। পাল্টা জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র (Missile Attack) ও ড্রোন (Drone Attack) ছুড়ে আক্রমণ চালিয়েছে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক ঘাঁটিতে।
সংঘাত এখন শুধু ইরানেই সীমাবদ্ধ নেই—এর প্রভাব ছড়িয়ে পড়েছে লেবানন, উপসাগরীয় দেশগুলো এবং গোটা পশ্চিম এশিয়ায়।
তেহরানে বিস্ফোরণ, পরমাণু কেন্দ্রে হামলা
মার্কিন–ইজরায়েল যৌথ হামলায় পশ্চিম তেহরানের একাধিক এলাকা টার্গেট হয়ে উঠেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ইরানের গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পরমাণু কেন্দ্রেও হামলা হয়েছে বলে খবর। যদিও ইরানের সরকারি সূত্র দাবি করেছে, সেখানে কোনও তেজস্ক্রিয় লিকেজ হয়নি।
ইরানের পাল্টা আঘাত
মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৫০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় ২০০০ ড্রোন ছুড়েছে।
ইরানি হামলার প্রধান সব টার্গেট হল সৌদি আরবে মার্কিন দূতাবাস, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকা, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্র দেশগুলোর জ্বালানি পরিকাঠামোকেও টার্গেট করার হুমকি দিয়েছে তেহরান।
বাড়ছে মৃত্যুর সংখ্যা
চার দিনের যুদ্ধেই পরিস্থিতি ভয়াবহ। সরকারি হিসাবে এখন পর্যন্ত ইরানে প্রায় ৮০০ জন নিহত হয়েছেন। লেবাননে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। ইজরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর প্রায় ৬০টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ইজরায়েলের সেনাবাহিনীর।
উপসাগরীয় দেশগুলিতে আতঙ্ক
যুদ্ধের প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলিতেও। কাতারের রাজধানী দোহায় আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ওমানে মার্কিন দূতাবাস নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির উপকূলের কাছে একটি জাহাজেও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
ইজরায়েলের বার্তা: হামলা চলবে
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের আকাশে ইজরায়েলি যুদ্ধবিমান এখনও অভিযান চালাচ্ছে। তাঁর কথায়,“ইরানের বিরুদ্ধে আমরা শক্ত হাতে অভিযান চালিয়ে যাব।”
আমেরিকায় রাজনৈতিক বিতর্ক
এই যুদ্ধ ঘিরে আমেরিকার রাজনীতিতেও বিতর্ক শুরু হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথাযথ অনুমোদন পেয়েছিলেন কি না। মার্কিন সিনেটে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নিয়ে ভোট হতে পারে, যাতে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খতিয়ে দেখা হবে।
এদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত লাগে, সেখানে চার মার্কিন সেনার মৃত্যু হয়েছে।
যুদ্ধ ছড়াচ্ছে গোটা অঞ্চলে
লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ-ও সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা উত্তর ইজরায়েলের মেতুলা শহরে রকেট হামলার দাবি করেছে এবং হাইফার একটি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে। ফলে আশঙ্কা বাড়ছে—এই সংঘাত ধীরে ধীরে বহু দেশের জড়িয়ে পড়া বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।