ইরানের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া বন্ধ করলেও দেশের মিডিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন ট্রাম্প। ইরান নিয়ে দেশেই প্রশ্নের মুখে পড়ায় প্রেসিডেন্টের মান বাঁচাতে এখন ময়দানে নেমেছেন গোয়েন্দা প্রধানেরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 08:36
দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) সঙ্গে লড়াই একপ্রকার থামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন। এমনকী ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (No sanction against Iran immediately by US)। গলা নামিয়ে বলেছেন, দেশটা সদ্য একটা যুদ্ধ শেষ করল। এখন নিষেধাজ্ঞা জারির প্রশ্ন ওঠে না৷
ইরানের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া বন্ধ করলেও দেশের মিডিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন ট্রাম্প। ইরান নিয়ে দেশেই প্রশ্নের মুখে পড়ায় প্রেসিডেন্টের মান বাঁচাতে এখন ময়দানে নেমেছেন গোয়েন্দা প্রধানেরা।
জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড, সিআইএ-র প্রধান জন রটক্লিফ ইরান নিয়ে মাকিন মিডিয়াকে একহাত নিয়েছেন। এক সপ্তাহ আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের তিনটি পরমাণু ঘাঁটি ধ্বংস করে দিয়েছে মার্কিন যুদ্ধ বিমান।
সেই দাবি নসাৎ করে মার্কিন প্রেসিডেন্টের টেবিলে জমা পড়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের উল্টো রিপোর্ট। তাতে বলা হয়, ইরানের পরমাণু প্রকল্পের সামান্য ক্ষতি হয়েছে মার্কিন হামলায়। মাস কয়েকের মধ্যেই ইরান ক্ষয়ক্ষতি সামলে নিতে পারবে।
সেই গোয়েন্দা রিপোর্ট মিডিয়ায় ফাঁস হতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প দাবি করেন, তিনি নিজে পাইলটদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প আর অক্ষত নেই।
এই পরিস্থিতিতে আসরে নেমেছেন তুলসি গাবার্ড। তিনি মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান। হামলা শুরুর আগে তিনিই প্রসিডেন্টককে দেওয়া রিপোর্টে দাবি করেছিলেন, ইরানে কোনও পরমাণু স্থাপনা নেই।।তাতে জাতীয় গোয়েন্দা প্রধানের উপর বেজায় চটেছিলেন ট্রাম্প। সেই তুলসি এখন বলছেন, ইরানে পরমাণু বোমা তৈরির প্রকল্প ধ্বংসের খবর ষোলআনা সত্য। বিক্ষিপ্ত এবং ছোট ছোট গোয়েন্দা তথ্য তুলে ধরে মিডিয়া মার্কিন সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে।
তাৎপর্যপূর্ণ হল, সিআইট-র প্রধান জন রটক্লিফও একই কথা বলেছেন। তাঁরও দাবি, আমেরিকার বৈমাবিকেরা ইরানের পরমাণু প্রকল্প গুড়িয়ে দিয়েছে।