বেহেরার পরিবার সূত্রে জানা গেছে, আল ফাশির শহর থেকে অপহরণ করা হয় তাঁকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা যেটি আরএসএফের ঘাঁটি।

অপহৃত যুবক
শেষ আপডেট: 3 November 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: সুদানের (Sudan) ভয়াবহ গৃহযুদ্ধের মাঝে অপহৃত (Kidnap) হলেন এক ভারতীয় নাগরিক (Indian Citizen)। ওড়িশার (Odisha) জগৎসিংহপুর জেলার বাসিন্দা আদর্শ বেহেরা, বয়স ৩৬। প্রায় দু’বছর ধরে কর্মসূত্রে সুদানে থাকছিলেন তিনি। এবার তাঁকে ধরে নিয়ে গেল র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)।
একের পর এক ভিডিও (Viral Video) এসেছে সামনে। তার একটিতে দেখা যাচ্ছে - আরএসএফের (RSF) দুই সশস্ত্র সদস্যের মাঝে বসে রয়েছেন বেহেরা। এক জন তাঁকে প্রশ্ন করছে — 'শাহরুখ খানকে (Shah Rukh Khan) চেনো?' আর পিছন থেকে আরেক জন তাঁকে বলিয়ে নিচ্ছে, 'দাগালো গুড' - অর্থাৎ আরএসএফ প্রধান মহম্মদ হামদান দাগালো ভাল মানুষ।
বেহেরার পরিবার সূত্রে জানা গেছে, আল ফাশির শহর থেকে অপহরণ করা হয় তাঁকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা যেটি আরএসএফের ঘাঁটি।
ভাইরাল হওয়া আরেক ভিডিওতে বেহেরা হাত জোড় করে বলছেন, “এখানে খুব খারাপ পরিস্থিতি। দু’বছর ধরে কষ্ট করে রয়েছি। আমার পরিবার খুব চিন্তায় আছে। ওড়িশা সরকারকে অনুরোধ, দয়া করে সাহায্য করুন।”
অপহৃত যুবকের স্ত্রী সুস্মিতা জানান, স্বামী ২০২২ সাল থেকে সুদানের সুকারাটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করছিলেন। দুই ছেলের বাবা তিনি, একজনের বয়স আট, অন্যজন তিন। অপহরণের খবর শোনার পর থেকেই তাঁরা চরম উদ্বেগে।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে সতর্ক করেছে যে, আল ফাশির দখলের পর আরএসএফের হামলায় গণহত্যা ও ধর্ষণের অভিযোগ উঠছে, যা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। ওই এলাকায় এখন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।
ভারতে নিযুক্ত সুদান দূতাবাসের বক্তব্য, পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। তবে তারা আশা করছে, অপহৃত যুবক নিরাপদে ফিরে আসবেন। তাঁদের আশ্বাসবার্তা - আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং সঠিক সময়ে সঠিক কাজ করা হচ্ছে।
এর মধ্যে খার্তুমেও সংঘর্ষ থামেনি। মার্চে রাষ্ট্রপতি ভবনে এসএএফের দখলের পর আরএসএফের ড্রোন হামলায় সেনা মুখপাত্র-সহ চার জন নিহত হন। উত্তরের দারফুরেও ভয়ঙ্কর লড়াইয়ে শতাধিক আরএসএফ যোদ্ধা নিহত হওয়ার খবর মিলেছে।
১৩ লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া এই যুদ্ধে। তার মধ্যেই এক ভারতীয়ের এইভাবে অপহরণ হয়ে যাওয়া! পরিবারের চোখে-মুখে আতঙ্ক, মনে একটাই প্রশ্ন - কবে ফিরবেন আদর্শ?