দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন ভবিষ্যতের ইঙ্গিত, কেউ আবার তীব্র সমালোচনায় মুখর।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 August 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার একটি হোটেলের (US hotel) রিসেপশনে দাঁড়িয়ে এক অতিথি। কিন্তু তাঁর সামনে নেই কোনও মানুষ। এদিকে রিসেপশনের কাজও হচ্ছে! কীভাবে?
আসলে অতিথির সঙ্গে একটি বড় স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করছে এক ভারতীয় যুবক (Indian virtual receptionist), যিনি ভিডিও কলে বসে হোটেল চেক-ইন প্রক্রিয়া সামলাচ্ছেন দূর থেকে। এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন ভবিষ্যতের ইঙ্গিত, কেউ আবার তীব্র সমালোচনায় মুখর।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একজন। তিনি তাঁর এই হোটেল চেক-ইন (hotel check-in experience) অভিজ্ঞতার ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, যুবক যখন রিসেপশনে পৌঁছেছেন, তখন তিনি কথা বলছেন এক ভার্চুয়াল ফ্রন্ট ডেস্ক কর্মীর সঙ্গে (virtual front desk employee)। স্ক্রিনে থাকা সেই সহকারী জানতে চাইছেন, তিনি একটি না দুটি রুম কী নেবেন। উত্তরের পর ওই কর্মী তাঁকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের নির্দেশ দেন এবং গোটা প্রক্রিয়াটি ভিডিও কলের মাধ্যমেই সম্পন্ন হয়।
ভিডিওতে সেই কর্মীর পরিচয় বা অবস্থান (location) স্পষ্টভাবে জানানো হয়নি। তবে বহু দর্শকের অনুমান, তিনি ভারত থেকেই কাজ করছেন এবং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই রিমোটে (remote job) যুক্ত রয়েছেন। এই অনুমান ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।
অনেক আমেরিকান ব্যবহারকারী মন্তব্য করেছেন, বিদেশি কর্মীদের (বিশেষত ভারতীয়দের) কারণে মার্কিন নাগরিকদের চাকরি হারাতে হচ্ছে। অনেকেই হোটেল কর্তৃপক্ষের সমালোচনা করেছেন এই বলে যে, রিসেপশন ডিউটি আউটসোর্স (outsourcing) করে তারা দেশীয় চাকরিপ্রার্থীদের বঞ্চিত করছে।
তবে এই ঘটনা কোনও বিচ্ছিন্ন উদাহরণ নয়। বরং, মার্কিন অর্থনীতিতে ভারতীয় পেশাদারদের আধিপত্য বহুদিনের। ২০২৩ সালে মার্কিন সরকার যে সমস্ত H-1B ভিসা ইস্যু করেছিল, তার ৭০ শতাংশই পেয়েছেন ভারতীয়রা।
ডেলয়েট (Deloitte)-এর একটি রিপোর্ট জানাচ্ছে, ৫৯ শতাংশ মার্কিন সংস্থা (American companies) তাদের কাজ আউটসোর্স করে ভারতে। এমনকি ইউরোপ ও আমেরিকার ৮০ শতাংশ সংস্থা ভারতকেই বেছে নিচ্ছে আইটি পরিষেবার (IT solutions outsourcing) জন্য, কারণ একদিকে যেমন দক্ষ মানবসম্পদ, অন্যদিকে তুলনামূলকভাবে কম খরচে কাজ করিয়ে নেওয়া সম্ভব।
এই প্রেক্ষাপটে একটি হোটেলের ফ্রন্ট ডেস্ক (front desk outsourcing) ভার্চুয়ালি পরিচালিত হওয়ার বিষয়টি হয়তো প্রযুক্তির অগ্রগতির দিকেই ইঙ্গিত করছে। তবে একই সঙ্গে এটি সামাজিক-অর্থনৈতিক বিতর্ককেও উস্কে দিয়েছে।