প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ছাত্র শুধু দুই কিশোরকেই নয়, এক মহিলা যাত্রীকে চড় মেরেছেন এবং কেবিন ক্রু সদস্যদেরও আঘাত করার চেষ্টা করেন। পরে বিমানের নিরাপত্তা কর্মীরা তাঁকে নিয়ন্ত্রণে আনেন।
.jpg.webp)
প্রতীকী ছবি (এআই নির্মিত)
শেষ আপডেট: 28 October 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় মাঝ আকাশে ভারতীয় ছাত্রের তাণ্ডব! বিমানের ভিতরেই এক মহিলা যাত্রীকে চড় মারেন! এমনকি দুই কিশোরকে কাঁটাচামচ দিয়ে কোপ মেরে গুরুতর জখম করেছেন বলেও অভিযোগ (Mid-air attack)। এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় শিকাগো থেকে জার্মানিগামী বিমানে। ইতিমধ্যেই ওই ছাত্রকে গ্রেফতার (Indian Student Arrested) করা হয়েছে।
অভিযুক্তের নাম প্রণীত কুমার (২৮)। গত শনিবারের বিমানে শিকাগো থেকে জার্মানি যাচ্ছিলেন তিনি। জানা যায়, খাবার পরিবেশনের পর হঠাৎই প্রণীত এক কিশোরের কাঁধে ও অন্য কিশোরের মাথার পিছনে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। আচমকা এই আক্রমণে বিমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাইলট সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানের গন্তব্য পরিবর্তন করে তা নামানো হয় বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে (Boston emergency landing)। সেখানে পৌঁছেই অভিযুক্তকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ছাত্র শুধু দুই কিশোরকেই নয়, এক মহিলা যাত্রীকে চড় মেরেছেন এবং কেবিন ক্রু সদস্যদেরও আঘাত করার চেষ্টা করেন। পরে বিমানের নিরাপত্তা কর্মীরা তাঁকে নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর মার্কিন আদালতে তাঁর বিরুদ্ধে 'বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে হামলার' অভিযোগ দায়ের করা হয়েছে। প্রণীত কুমারকে বোস্টনের জেলা আদালতে তোলা হয়।
মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণীত কুমার পূর্বে ছাত্র ভিসায় আমেরিকায় গিয়েছিলেন এবং সম্প্রতি একটি বাইবেল স্টাডিজের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন। আরও জানা যায়, অভিযুক্ত যুবকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, তারপরও তিনি আমেরিকায় থাকছিলেন। এই অভিযোগেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। তবে এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তদন্তে শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ।