ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 3 March 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: দেশ ছাড়লেও ভুলে যাননি সংস্কৃতি (Culture)। উল্টে শাস্ত্র মেনেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে রীতিমতো তাক লাগালেন সান ফ্রান্সিসকো-তে (San Francisco) বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত পরিবার ( Indian-origin Family)। হিন্দু শাস্ত্র মতে, যে কোনও শুভ অনুষ্ঠানে গরু অর্থাৎ গোমাতাকে দেবতা হিসাবে পুজো করা হয়। কিন্তু বর্তমান সমাজে সে প্রবণতা কিছুটা হলেও কমেছে। তবে দেশের বাইরে থেকেও গৃহপ্রবেশের অনুষ্ঠানে একটি সুসজ্জিত গরুকে (Decorated Cow) নিয়ে এসে তাক লাগিয়েছে পরিবারটি। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, সুন্দর পোশাক পরিয়ে গরুটিকে সেখানে নিয়ে আসা হয়েছে। দেখা মাত্র দেবতা জ্ঞানে তাঁকে প্রণাম করছেন অনেকেই। পা ছুঁয়ে আশীর্বাদও নিচ্ছেন। দেশের বাইরে থেকেও ভারতীয় বংশোদ্ভূত পরিবারের এমন রীতি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়।
ইনস্টাগ্রামে ভিডিওটি ছড়িয়ে পড়তেই লাখ লাখ মানুষ সেটি দেখে নিয়েছেন। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি গোশালা থেকে গরুটিকে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর শ্রী সুরভী গোক্ষেত্র নামে ওই সংস্থা গরু লালনপালন করে।
View this post on Instagram
সংস্থার তরফে উচ্ছ্বসিত হয়ে পোস্ট করা হয়, "আমাদের গরু ক্যালিফোর্নিয়ার ল্যাথ্রপে একটি গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানকার উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমরা সত্যিই খুশি।"
যদিও ভিডিওটির ক্যাপশনটি পড়ে বোঝা যাচ্ছে সেটি গত বছর দীপাবলিতে পোস্ট করা হয়েছিল। ভাইরাল ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক পুরোহিতকে সুসজ্জিত গরুটিকে ভেতরে নিয়ে যাচ্ছেন। গরুটির সারা শরীরে সিঁদুরের ছাপ এবং এর পিঠে একটি ঐতিহ্যবাহী কাপড় দিয়ে ঢাকা। এরপর বাড়িতে প্রবেশ করতেই ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে গরুকে খেতে দেওয়া হয়। উপস্থিত বাড়ির সদস্য ও অতিথিরা সেই দৃশ্য হাঁ করে দেখতে থাকেন। এরপর খাওয়া চলাকালীন বাড়ির মহিলাদের গরুটিকে পুজো করতে দেখা যায়। শেষপর্বে সকলে ঘিরে ধরে তোলেন একাধিক সেলফিও।
ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন ভারতীয় লেখেন, "বাড়ির যে কোনও অনুষ্ঠানে গরুকে নিয়ে আসা শুভ এবং তা ইতিবাচক শক্তি জোগায়। আমাদের সংস্কৃতিকে সর্বত্র অনুসরণ করা হচ্ছে দেখে উৎসাহিত।"
আরেকজন লেখেন, "সত্যিই অসাধারণ এবং হৃদয়স্পর্শী একটি পোস্ট। এই রীতি কি শুধুই দীপাবলি নাকি বিশেষ কোনও অনুষ্ঠানের জন্যও?" তবে পুরো ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরিবার। দেশে না থেকেও শিকড় ভুলে না যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা ও অভিনন্দন।