ধর্ষণের শাস্তি ১২ ঘা বেত! ভারতীয় যুবককে ১৬ বছরের কারাদণ্ডও দিল সিঙ্গাপুরের আদালত
চিন্নাইয়া নামে অভিযুক্ত ভারতীয় যুবক সিঙ্গাপুরে ঝাড়ুদার হিসেবে কাজ করত।
শেষ আপডেট: 28 October 2023 09:57
দ্য ওয়াল ব্যুরো: ৪ বছর আগে সিঙ্গাপুরের এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল ভারতীয় এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্তকে ১৬ বছরের কারাদণ্ড এবং ১২ ঘা বেত্রাঘাতের নির্দেশ দিল সিঙ্গাপুরের একটি আদালত।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের মে মাসে। চিন্নাইয়া নামে অভিযুক্ত ভারতীয় যুবক সিঙ্গাপুরে ঝাড়ুদার হিসেবে কাজ করত। ঘটনার দিন রাত্রিবেলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রীকে বাসস্ট্যান্ডে এসে দাঁড়াতে দেখে সে। সেই সময় একাই ছিলেন ওই ছাত্রী। ইচ্ছাকৃতভাবে তাঁকে ভুল রাস্তা দেখিয়ে দেয় চিন্নাইয়া। তারপর পিছু ধাওয়া করে এক ঘুষি মেরে ধরাশায়ী করে ফেলে তরুণীকে। টানতে টানতে নিয়ে যায় কাছের একটি জঙ্গলের মধ্যে। সেখানেই সে ধর্ষণ করে ওই ছাত্রীকে।
ধর্ষণের পর তরুণীর ব্যাগ খুলে জলের বোতল বের করে জল খেয়ে সেখান থেকে পালিয়ে যায় চিন্নাইয়া। তখনও জ্ঞান ছিল তরুণীর। তবে চশমা হারিয়ে যাওয়ায় কিছু দেখতে পাচ্ছিলেন না তিনি। হাতড়ে হাতড়ে কোনও মতে ব্যাগ থেকে মোবাইল বের করে প্রেমিককে ফোন করেন নির্যাতিতা। সেই প্রেমিকই তরুণীর অন্যান্য বন্ধুদের এবং পুলিশকে খবর দেন।
পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় নিগৃহীতা তরুণীকে। জানা যায়, তাঁর মুখ ও শরীরের অন্যান্য অংশে আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর প্রেমিক হাসপাতালে এসে প্রথমে চিনতেই পারেননি তাঁকে।
ধর্ষণের ঘটনার পরের দিন গ্রেফতার করা হয় অভিযুক্তকে। টানা ৪ বছর ধরে সেই মামলার শুনানি শেষে সম্প্রতি রায় দান করেছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, ২৬ বছর বয়সি অভিযুক্ত কোনও মুহূর্তের লালসা থেকে এ কাজ করেনি। বরং ধর্ষণের আগে তরুণীর সঙ্গে তার দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছিল। ধর্ষণের অভিপ্রায়েই ইচ্ছা করে তাঁকে ভুল দিকনির্দেশ করেছিল চিন্নাইয়া। এরপরেই আদালত অভিযুক্তকে ১৬ বছরের কারাদণ্ড এবং ১২ ঘা বেত মারার নির্দেশ দিয়েছে।