
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2024 10:39
দ্য ওয়াল ব্যুরো: ইরানি বাহিনীর হাতে বন্দি জাহাজের ১৭ জন ভারতীয় নাবিকের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিল ইরান। সোমবার নয়াদিল্লির বিদেশমন্ত্রক এই খবর জানিয়েছে। এর আগে রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরান ও ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তারপরেই ইরান জয়শঙ্করের প্রস্তাবে রাজি হয়।
ইরানের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জয়শঙ্কর এ ব্যাপারে সহযোগিতার অনুরোধ করেন। তিনি ভারতীয় নাবিকদের সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছেন ফোনের বার্তালাপে। ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়েন বলেন, আমরা দখল করা জাহাজের খোঁজখবর নিচ্ছি। খুব শীঘ্রই ভারতের প্রতিনিধিরা তাদের দেশের নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
শনিবার আটক করা জাহাজে ভারতীয়রা রয়েছেন, খবর পাওয়ার পর থেকেই তাঁদের মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। জয়শঙ্কর দুদেশের বিদেশমন্ত্রীদের ফোনে সংযম দেখানোর অনুরোধ করেন। এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি যাতে না ঘটে তা দেখার জন্য দুদেশের কাছেই আর্জি জানান ভারতের বিদেশমন্ত্রী।
এদিকে, ইজরায়েলে হানাদারির যোগ্য জবাব দেওয়া হবে জানালেও রবিবার বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে হামলার বিষয়ে বিরাট কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। অন্যদিকে, মার্কিন প্রশাসনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা বলে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলায় তাঁরা অংশ নেবেন না।
পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এদিন সকাল থেকে ইরানের রাজধানী তেহরান বিমানবন্দর সচল হয়েছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় রবিবার বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে সরব হয়েছে ইজরায়েল। রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলি রাষ্ট্রদূত জিলাদ এরদান বলেন, ইরানের মুখোশ খুলে গিয়েছে। ওরা আন্তর্জাতিক সন্ত্রাসের একনম্বর মদতদাতা, সেটা প্রমাণ হয়ে গেল। এই অঞ্চল এবং দুনিয়ায় অশান্তি কারা ডেকে আনছে তা পরিষ্কার হয়ে গিয়েছে।