স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এদিন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ঢুকতে দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সর্বময় নেতা ইমরানের তিন বোনকে।

রাওয়ালপিন্ডিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভ। মঙ্গলবার তোলা ছবি।
শেষ আপডেট: 2 December 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ ধরে টালবাহানার পর অবশেষে মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোনদের দেখা করতে দেওয়া হল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এদিন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ঢুকতে দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সর্বময় নেতা ইমরানের তিন বোনকে। প্রাক্তন ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাক ক্যাপ্টেন গত দুবছর ধরে আদিয়ালা জেলে বন্দি।
এদিকে, এদিন দিনভর আদিয়ালা জেলের বাইরে দলীয় সমর্থকরা হেস্তনেস্ত করার সিদ্ধান্তে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রথমে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ইমরানের তিন বোনকেই ভিতরে যেতে দেওয়া হবে। পরে জানানো হয়, ইমরানের এক বোন উজমা এবং একজন আইনজীবীকে অনুমতি দেওয়া হবে। এখনও জানা যায়নি, প্রকৃতপক্ষে কতজন বোনকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। আদিয়ালা জেলের বাইরে সন্ধে পর্যন্ত সমর্থকরা ও সাংবাদিকরা অপেক্ষায় রয়েছেন। বাইরে বেরিয়ে পরিবারের তরফে সাংবাদিক ও দলীয় নেতাদের জানানো হবে।