"নরেন্দ্র মোদী (Narendra Modi) পাকিস্তানকে (Pakistan) অর্থনৈতিকভাবে হেনস্তা করবেন। নয়তো পাকিস্তানের বিরুদ্ধে চোরাগোপ্তা আক্রমণ চালাবেন, ভারতের প্রধানমন্ত্রী বসে থাকার পাত্র নন", ভারত-পাকিস্তান সংঘাতের (India Pakistan Tension) আবহে জেল থেকে নিজের দেশবাসীকে সতর্ক করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

নরেন্দ্র মোদী ও ইমরান খান
শেষ আপডেট: 15 May 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: "নরেন্দ্র মোদী (Narendra Modi) পাকিস্তানকে (Pakistan) অর্থনৈতিকভাবে হেনস্তা করবেন। নয়তো পাকিস্তানের বিরুদ্ধে চোরাগোপ্তা আক্রমণ চালাবেন, ভারতের প্রধানমন্ত্রী বসে থাকার পাত্র নন", ভারত-পাকিস্তান সংঘাতের (India Pakistan Tension) আবহে জেল থেকে নিজের দেশবাসীকে সতর্ক করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।
জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিমা খান, যিনি সম্পর্কে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন। আলিমার মাধ্যমেই দেশবাসীকে সতর্ক হওয়ার কথা বলেন ইমরান। পরে নিজের এক্স হ্যান্ডলেও তাঁর সতর্কবার্তা প্রকাশ করেছেন তিনি। তবে নিয়ম মতে জেলবন্দি ইমরান সরাসরি এক্স হ্যান্ডেল নিয়ন্ত্রণ করতে পারেন না।
সে দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোন আলিমাকে ইমরান বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সবসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন। পাকিস্তানকে এখন সতর্ক থাকতে হবে। কারণ ভারতের প্রধানমন্ত্রী মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে ইমরান বলেছেন, "আমি এ কথা সবসময় বলে এসেছি যে, এই দেশ আমার, প্রতিরক্ষা বাহিনীও আমার। আমাদের সেনা আকাশ ও স্থলপথে মোদীকে পরাস্ত করেছে। পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করেছিল ভারত।"
ভারতের হামলাকে 'কাপুরুষের মতো' বলেও উল্লেখ করেন ইমরান। জানিয়েছেন, ভারতের এমন হামলায় পাকিস্তানের যে সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে তিনি আছেন।
পহেলগামে জঙ্গি হামলা পরবর্তী সময় সংঘর্ষে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রের অনুরোধে যখন ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তখন উলটো প্রচার চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রনেতারা। সাম্প্রতিক সংঘাতে নাকি তারাই ভারতকে জবাব দিয়েছে।
ভারতের 'অপারেশন সিঁদুর'-এ সাধারণ নাগরিকেরা প্রাণ হারিয়েছেন। ক্ষতি হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের। পাকিস্তানের এহেন দাবিও উড়িয়ে দিয়েছে ভারত। সাংবাদিক বৈঠক করে পষ্টাপষ্টি ভারতীয় সেনাবাহিনীর তরফেও জানানো হয়েছে, পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটিগুলি নিশানা করা হয়েছিল কেবল। 'অপারেশন সিঁদুর'-এ সেগুলিই ধ্বংস করা হয়েছে।
ভারতের এই অভিযানের পাল্টা হিসাবে পাকিস্তানও 'অপারেশন বুনিয়ান-আন-মারসুস' করেছে। জম্মু ও কাশ্মীর-সহ পশ্চিম ভারতের সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় হামলা চালায় তারা। যদিও পাকিস্তানের সব হামলাই বানচাল করে দেয় ভারত। এরপরও মোদীর ভয়ে কাঁটা হয়ে আছে পাকিস্তান।