
শেষ আপডেট: 11 October 2023 20:36
দ্য ওয়াল ব্যুরো: জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বুধবার বিকেলে বন্ধ হয়ে গেল। যার অর্থ বুধ সন্ধে থেকে আরও অন্ধকারে ডুকে যাবে গাজা শহর।
ইজরায়েলের অবরোধের কারণে গাজায় খাবার, পানীয় জলের সরবরাহ আগেই বন্ধ হয়ে গেছে। ইজরায়েল থেকে যে বিদ্যুৎ সরবরাহ করা হত তাও বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র ভরসা বলতে ছিল গাজার বিদ্যুৎকেন্দ্রটি। সেটি বন্ধ হয়ে যাওয়ায় রাতে আলো জ্বালার আর উপায় রইল না।
গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। বুধবার রাতের অন্ধকারে ইজরায়েলের বাহিনী চরম আঘাত হানতে পারে বলেও আশঙ্কা চেপে বসেছে। জীবনমৃত্যুর মাঝে চরম অসহায় অবস্খায় রয়েছে ২৩ লক্ষ প্যালেস্তিনীয় নাগরিক।
ইজরায়েলের উপর হামাসের আক্রমণ নিয়ে দুনিয়া জুড়ে সমালোচনা হয়েছে। আমেরিকা, ব্রিটেন, ভারত খোলাখুলিই ইজরায়েলকে সমর্থন জানিয়েছে। কিন্তু গাজায় ইজরায়েল যেরকম বিমান হানা চালাচ্ছে তা নিয়েও পশ্চিম এশিয়ায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। সংঘাতের পরিস্থিতির জন্য অনেকে ইজরায়েলকেই দায়ী করছে। এমনকি বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়, আরব ও ইহুদিদের মধ্যে ভারসাম্য রক্ষার কূটনীতিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে তালজ্ঞানশূন্য হয়ে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। বোমার আঘাত থেকে বাঁচতে গাজার নিরীহ মানুষ স্কুল কলেজে আশ্রয় নিচ্ছে। কিন্তু চারটি স্কুলের উপরে বোমা ফেলা হয়েছে। বোমার আঘাত থেকে বাঁচেনি হাসপাতালও। গাজাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
ইজরায়েলের ঘরোয়া রাজনীতিতে বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থা ভাল ছিল না। কিন্তু হামাসের আক্রমণের জবাব দিয়ে জাতীয়তাবাদের হাওয়া তিনি নিজেক দিকে ঘোরানোর চেষ্টা করছেন। অনেকের মতে, সেই কারণে মানবাধিকারেরও ধার ধারছে না বিবি প্রশাসন। গাজাকে চিরতরে খতম করে দিতে চাইছে তারা।