
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
শেষ আপডেট: 10 June 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতে নবনির্বাচিত সরকার গঠনের দিনই আচমকা বজ্রপাত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেয়েছে। কট্টর ডানপন্থী দলগুলোর এই সাফল্য ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে অনিশ্চয়তা যোগ করেছে।
ফ্রান্সে মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি পার্টি ভোটে এমন পরিমাণে আধিপত্য বিস্তার করেছে যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। আগামী ৩০ জুন ও ৭ জুলাই দুদফায় এই অকাল নির্বাচন হতে চলেছে ফ্রান্সে।
শুধু ফ্রান্স নয়, পদ ছাড়ার ঘোষণা করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তিনি এ ঘোষণা করেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো কাঁদোকাঁদো গলায় বলেন, এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের ফল নিয়ে ম্যাক্রোঁ স্বীকার করেন, এটা খুবই খারাপ ফল। উল্লেখ্য, ম্যাক্রোঁর দলের তুলনায় কট্টর ডানপন্থী ন্যাশনাল ব়্যালি প্রায় ৪০ শতাংশ ভোট পেতে চলেছে। এই অবস্থায় ফরাসি প্রেসিডেন্টের কথায়, কট্টর ডানপন্থীরা মহাদেশের সর্বত্র এগিয়ে গিয়েছে। তাই আমি ইস্তফা দিয়ে ভোট ডাকছি। এবার আপনারা ঠিক করুন, দেশে সরকার গড়ার ভার কাদের উপর আসবে। তাই আজ (রবিবার) রাতেই জাতীয় সংসদ ভেঙে দিচ্ছি।
শুধু ফ্রান্স নয়, ইউরোপীয় ইউনিয়নের ভোটে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের ফিডেৎজ পার্টি দেশের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পিপলস পার্টির সঙ্গে জোট গড়ে লড়েছিল। একটি এক্সিট পোলে তাদের জোট শীর্ষে রয়েছে ৪৩.৭ শতাংশ ভোট পেয়ে। একইভাবে হার স্বীকার করে নিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীও ইস্তফা দিয়েছেন বলে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে।