
শেষ আপডেট: 23 December 2023 08:33
দ্য ওয়াল ব্যুরো: সকলের চোখের সামনে দিয়ে মানব পাচারের চেষ্টার অভিযোগ! দুবাই থেকে ফ্রান্স হয়ে নিকারাগুয়ায় যাচ্ছিল একটি বিমান। তাতে ৩০৩ জন ভারতীয় ছিলেন। গোপন সূত্রে মানব পাচারের চেষ্টার অভিযোগ পাওয়ার পরেই বিমানটিকে ভ্যাট্রি বিমানবন্দরে আটক করল ফ্রান্স প্রশাসন। পাচারের অভিযোগে সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে ফরাসি সরকার। ইতিমধ্যেই বিষয়টির তদন্তে ঘটনাস্থলে পৌঁছে গেছে ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার রোমানিয়ান চার্টার কোম্পানির লেজেন্ড এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৪০ সংযুক্ত আরব আমিরশাহী থেকে রওনা হয়েছিল নিকারাগুয়ার উদ্দেশে। বিমানটিতে ৩০৩ জন ভারতীয় ছিলেন। প্রযুক্তিগত কিছু সমস্যার পূর্ব কারণে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে নেমেছিল সেটি। সেই সময় ফ্রান্স প্রশাসনের কাছে খবর আসে, ওই বিমানে করে মানব পাচারের চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে বিচারবিভাগীয় তদন্তের জন্য বিমানটিকে আটক করা হয়। ২ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ফ্রান্সের ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। বিমানে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
ফ্রান্সের ভারতীয় দূতাবাসের তরফ থেকে পুরো বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের অনুমান, ওই ভারতীয়দের নিয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় প্রবেশের পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
বিমানটিকে আটক করার পর প্রাথমিকভাবে যাত্রীদের বিমানের ভিতরে বসিয়ে রাখা হয়েছিল। পরে অবশ্য বিমানবন্দরের রিসেপশন হলের টার্মিনাল বিল্ডিংয়ে তাঁদের প্রত্যেকের আলাদা করে বিছানার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, ফরাসি প্রশাসনের তরফে তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। তবে তাঁদের আবার কখন গন্তব্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
সাধারণত এমন ঘটনার ক্ষেত্রে ফরাসি আইন অনুযায়ী কোনও বিদেশি নাগরিককে চারদিন পর্যন্ত আটকে রাখা যায়। আদালতের অনুমতি সাপেক্ষে ৮ দিন পর্যন্ত তা বাড়ানোর বিধান রয়েছে। ব্যতিক্রমী ক্ষেত্রে তা আরও আট দিন বাড়ানো যেতে পারে, তবে তার সর্বোচ্চ সময়সীমা হল ২৬ দিন।