
মিশেল ওবামা ও জো বাইডেন।
শেষ আপডেট: 29 June 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: 'অশীতিপর বৃদ্ধ' জো বাইডেনকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরিয়ে দিতে পারে তাঁরই দল। সম্প্রতি সিএনএন আয়োজিত বিতর্কে খুবই খারাপ উপস্থাপনা ছাড়াও জো বাইডেনের একের পর এক অসংলগ্ন আচরণ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আর সেক্ষেত্রে বিকল্প নাম হিসেবে আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার কথাও ভেসে উঠেছে।
ডেমোক্র্যাট সদস্যরা এ বছরের গোড়া থেকেই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীকে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু, মিশেল নিজেই নির্বাচনী রাজনীতিতে আসতে চাইছিলেন না। এখন জো বাইডেন শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার অবস্থায় রয়েছেন বলে অনেকের সন্দেহ। তাই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সামনে যুক্তিতর্কে ভাজাভাজা হওয়ার পর বুড়ো ঘোড়া বাইডেনকে নির্বাচনী রেসের মাঠ থেকে সরিয়ে দেওয়ার ভাবনা জোরদার হচ্ছে।
ডেমোক্র্যাটদের মনে ভয় ঢুকে গিয়েছে যে, রিপাবলিকান নেতা ট্রাম্পের সামনে ধোপে টিকবেন না বাইডেন। আমেরিকার এক বিশিষ্ট রাজনীতিক সেই আভাস দিয়ে বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টি বাইডেনের জায়গায় মিশেল ওবামাকে প্রার্থী করতে পারে।
রিপাবলিকান আইনপ্রণেতা টেড ক্রুজ বলেন, সিএনএনের বিতর্কে গোহারা হওয়ার পর ডেমোক্র্যাটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। ৯ মাস আগেই আমি বলেছিলাম যে, বাইডেনকে শেষপর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয়, এখন সেটাই হবে।
সিএনএনের বিতর্কে বাইডেনকে দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি পরবর্তী চার বছর হোয়াইট হাউসের কাজ পরিচালনার মতো কার্যকরী থাকবেন না। এই অবস্থায় ডেমোক্র্যাটদের মধ্যেও সেই ভাবনা কুড়েকুড়ে খাচ্ছে। তাই দলের অন্দরেই অনেকে চাইছেন বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে নতুন করে প্রার্থী হিসেবে মনোনীত করা হোক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন মাস আগে আগামী আগস্টে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন রয়েছে। সেখানেই প্রার্থীর নাম পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ওই রাতে খুব খারাপ বিতর্ক হয়েছে। কিন্তু, শেষে একটাই কথা বলতে পারি এই নির্বাচনে মানুষ কাকে বেছে নেবে। একজন ব্যক্তি যিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে গিয়েছেন। নাকি সেই একজন যিনি কেবল আত্মোন্নতির কথাই ভেবে গিয়েছেন!