ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছেন ম্যাক্সিমো নাপা
শেষ আপডেট: 18 March 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: টানা ৯৫ দিন প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) ভেসে ছিলেন। খাবার জন্য ছিল আরশোলা, পাখি ও সামুদ্রিক কচ্ছপ। কিন্তু শেষ ১৫ দিন একেবারেই অনাহারে দিন কেটেছে। যখন কিছুই ভাগ্যে জোটেনি। শেষমেশ পরিবারের কাছে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পেরুর (Peru) বাসিন্দা ম্যাক্সিমো নাপা (Maximo Napa)।
পেশায় জেলে (Fisherman)। মাছ ধরে বিক্রি করে টাকা পেলে তা দিয়েই সংসার চলে। সে কারণে বাড়ি থেকে দু'সপ্তাহের খাবার বেঁধে বেরিয়ে পড়া। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে টানা ৯৫ দিন প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়িয়েছেন। চেষ্টা করলেও পাড়ে ফিরতে পারেননি।
বিশাল সমুদ্রে একা ভেসে যাওয়ার সময় মনের ভিতরে কী চলছিল তা জানিয়েছেন নাপা। তিনি বলেন, শুধুমাত্র পরিবারের কথা ভেবে, বিশেষ করে আমার দুবছরের নাতনির মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে ঠিক রেখেছিলাম। তিনি আরও জানিয়েছেন, খাবার, জল না পেলেও আমি সবসময় পরিবারের সদস্যদের কথা মনে করেছি। আমি ভাবতাম যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে। আমি মরতে চাইনি।
পরে পেরুর নৌবাহিনী জেলেটিকে উদ্ধার করেন। সেই অভিযানের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ছবিতে নাপাকে তাঁর ভাইয়ের হাতে তুলে দিতে দেখা যাচ্ছে। আরেকটিতে তাঁর চিকিৎসার সময়ের ছবি দেখানো হয়েছে।
#MGPNoticias Después de 90 días de búsqueda, se logró encontrar al pescador que se había extraviado en altamar. Fue...
Posted by Marina de Guerra del Perú on Saturday 15 March 2025
ইকুয়েডরের সীমান্তের কাছে উদ্ধারকারীরা জেলেকে তাঁর ভাইয়ের হাতে তুলে দেন। তারপরই ভয়াবহ ঘটনার কথা ভাগ করে নেন তিনি। বলেন, "আমি প্রতিদিন আমার মায়ের কথা ভাবতাম। আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।"
এতদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে খুশি পেরুর জেলে ও তাঁর পরিবারের সদস্যরা। উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।