
সেই কিশোরী।
শেষ আপডেট: 11 September 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের পর যখন দেশজুড়ে নারী নিরাপত্তা, সরকারি হাসপাতালে সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জোরাল হচ্ছে, তখন মেয়ের নিরাপত্তায় তার মাথায় নজরদারি ক্যামেরা বসালেন বাবা। আর জি করের ঘটনা শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশি সংবাদমাধ্যমগুলিতেও শিরোনামে এসেছে গত মাসখানেকের বেশি সময় ধরে। এবার মেয়ের নিরাপত্তার জন্য এক অভিনব রাস্তা নিলেন বাবা। মেয়ের মাথাতেই বসালেন নজরদারি ক্যামেরা। সেই ঘটনার ছবি ইতিমধ্যেই সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র।
ভিডিওতে দেখা গিয়েছে, এক কিশোরীর মাথায় সিসিটিভি ক্যামেরা সেট করা হয়েছে। মেয়ে কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে, সর্বোপরি মেয়ে পথেঘাটে কোনও বিপদে পড়ল কিনা তা সর্বক্ষণ নজরে রাখতে এই ব্যবস্থা নিয়েছেন বাবা। বাইরে বেরলে মেয়েকে তা মাথায় বেঁধে বেরতে হবে এবং নজরদারি করবেন খোদ বাবা।
next level security pic.twitter.com/PpkJK4cglh
— Dr Gill (@ikpsgill1) September 6, 2024
ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৭ হাজার জন দেখেছেন। যাতে লেখা রয়েছে, নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা। ভিডিওতে কিশোরীটি বলেছেন, তাঁর বাবা তাঁর উপর নজর রাখার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। যাতে কোনও অঘটন না ঘটে। তাঁর উপর কেউ কি কুনজর ফেলেছে, এই প্রশ্নের জবাবে কিশোরী জানান, না। বাবা শুধুমাত্র নিরাপত্তার কথা ভেবেই এরকম করেছেন।
তিনি করাচিতে এক মহিলাকে নৃশংসভাবে খুনের দৃষ্টান্তও তুলে ধরেন। এরপরেই তাঁর বাড়ির লোক এমন বেনজির ব্যবস্থা গ্রহণ করেন। ভিডিও নিয়ে নেটপাড়ায় হালচাল পড়ে গিয়েছে। একেকজন একেক রকম মন্তব্যে দেওয়াল ভরিয়ে দিয়েছেন। কেউ মজা করেছেন তো কেউ মেয়ের নিরাপত্তার জন্য চরম পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছেন। তবে এটাও ঠিক মেয়েটির উপর কোনও হামলা হলে পুলিশের কাছে অন্তত সেই ব্যক্তি বা ব্যক্তিদের প্রাথমিক ছবি মিলবে।