
কাজাকস্তানের প্রাক্তন মন্ত্রী ও তাঁর প্রয়াত স্ত্রী সলতানাত নুকেনোভার।
শেষ আপডেট: 4 May 2024 08:02
দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর বিরুদ্ধে টানা ৮ ঘণ্টা ধরে অকথ্য অত্যাচার করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল আগেই।
এবার কাজাকস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী, ব্যবসায়ী কুয়ান্দিক বিশিমবায়েভের অত্যাচারের গোপন ভিডিও ফুটেজ আদালতে পেশ করল পুলিশ।
গত বছরের নভেম্বরে নিজের আত্মীয়র রেস্তোরাঁয় নিয়ে গিয়ে স্ত্রী সলতানাত নুকেনোভারকে (৩১) হত্যা করার অভিযোগ উঠেছিল কাজাকস্তানের প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার আদালতে ওই রেস্তোরাঁর সিসি ফুটেজ পেশ করে পুলিশ।
বস্তুত, এই মামলাটির শুনানি সমাজমাধ্যমে লাইভ চলছে। আদালতে পুলিশের তুলে ধরা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে রেস্তোরাঁর একটি রুমে স্ত্রীকে কিল-চড়-ঘুষি-লাথি মেরে চলেছেন অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী।
পুলিশের দাবি, স্বামীর হাত থেকে বাঁচতে দৌড়ে শৌচালয়ে ঢুকে পড়েন সলতানাত। সেই দরজা ভেঙে স্ত্রীকে বের করে ফের অত্যাচার করেন কুয়ান্দিক বিশিমবায়েভ। তারই জেরে একসময় মৃত্যু হয় সলতানাত নুকেনোভারের।
সিসিটিভি ফুটেজ সামনে আসতেই জনমানসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রীর কঠোরতম সাজার দাবিতে সরব হয়েছেন সকলে। যদিও অনেকের আশঙ্কা, প্রভাবশালী হওয়ার ফলে কুয়ান্দিক না ছাড়া পেয়ে যান।
এর আগে ২০১৭ সালে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কুয়ান্দিক। পরে জামিনে মুক্তি পেয়ে যান তিনি।