
মাইক্রোসফটকে নিশানা করে এই ছবিটি শেয়ার করেছেন মাস্ক।
শেষ আপডেট: 19 July 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই বন্ধ হয়ে গেল জানালা! কম্পিউটারের দুনিয়ায় অপারেটিং সিস্টেমের একচ্ছত্র অধিপতি মাইক্রোসফটের ঘরে এবার হানা দিল যান্ত্রিক ত্রুটি। যার ফলে বিশ্বজোড়া মাইক্রোসফটের 'উইন্ডোজ' ব্যবস্থায় 'ব্লু স্ক্রিন অফ ডেথ এরর' দেখা দিয়েছে। এই ধরণের সমস্যা হলে আচমকাই কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে, বা আবার পুনরায় চালু (রিস্টার্ট) হতে পারে। মাইক্রোসফট জানিয়েছে, সম্প্রতি একটি 'ক্রাউডস্ট্রাইক' আপডেটের ফলেই আচমকা এই ত্রুটি দেখা দিয়েছে।
কিন্তু এতেই কার্যত সারা বিশ্বজুড়ে নিত্যনৈমিত্তিক নানা অত্যাবশ্যকীয় কাজ বন্ধ হবার জোগাড়! দুনিয়ার তাবড় বিমানসংস্থা তাদের পরিষেবা নিয়ে চিন্তায়। বার্লিন বিমানবন্দর যেমন সমস্ত পরিষেবা আজ (ভারতীয় সময়) দুপুর দেড়টা অবধি বন্ধ রাখবে জানিয়েছে। ব্রিটেনের স্কাই নিউজ, মার্কিন অ্যাসোসিয়েটেড প্রেস সংস্থার সংবাদ সরবরাহ ব্যবস্থা থমকে গিয়েছে। ইন্ডিগো যেমন জানিয়ে দিয়েছে, এর ফলে বিমানযাত্রীদের স্বাভাবিকের চাইতে একটু বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। বন্ধ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার একাধিক ব্যাঙ্ক ও টেলিকম পরিষেবা। আমেরিকার আপৎকালীন '৯১১' পরিষেবা ব্যাহত। কার্যত ঘুম উড়েছে লন্ডন, ন্যাসডাক-সহ একাধিক স্টক এক্সচেঞ্জ পরিষেবায়।
ভারতে সারা দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত। দিল্লি, মুম্বই, কলকাতা সহ একাধিক বিমানবন্দরে কার্যত নজিরবিহীন দৃশ্য দেখা যায়। সাদা বোর্ডে মার্কার দিয়ে বিমানের সময়, পেন দিয়ে লেখা বোর্ডিং পাস ইস্যু করতে দেখা যায় একাধিক জায়গায়। ইন্ডিগোর পাশাপাশি স্পাইসজেটও জানিয়ে দিয়েছে, সমস্যার জন্য তারা ক্ষমাপ্রার্থী, কিন্তু যাত্রীরা যেন আগাম সময় হাতে নিয়ে আসেন।
কথায় বলে, কারো পৌষ মাস, কারোর সর্বনাশ। যথারীতি, মাইক্রোসফটের এই দুর্গতি নিয়ে হাসিঠাট্টা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এর আগে মেটা-র একাধিক প্ল্যাটফর্ম বসে যাওয়াতেও নেটিজেনরা দলে দলে টেলিগ্রাম বা টুইটারে যোগ দিয়েছিলেন। সেই টুইটার এখন 'এক্স' হয়েছে। মালিকানা নিয়েছেন ইলন মাস্ক। মাইক্রোসফট বসে যেতেই অতএব নিজের 'এক্স' হ্যান্ডলে সত্য নাদেল্লার সংস্থাকে কটাক্ষ করেছেন মাস্ক। একটি জনপ্রিয় ভারতীয় মিমকে শেয়ার করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, সামনে এক বিস্তীর্ণ প্রান্তরে ছত্রভঙ্গ অবস্থা। কিন্তু ওপরে নির্বিকারে ধোঁয়া ছাড়ছেন জনৈক দর্শক। মাইক্রোসফটের একাধিক পরিষেবার সঙ্গে এক্স-কে তুলনা করেই তাঁর এই পোস্ট।
দেখুন ইলন মাস্কের সেই পোস্ট:
— Elon Musk (@elonmusk) July 19, 2024