
শেষ আপডেট: 23 January 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম জনবহুল দেশ। কিন্তু তাও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ভারত। এই বিষয়টিতে যথেষ্ট অবাক হয়েছেন পৃথিবীর ধনীতম ব্যক্তি তথা শিল্পপতি এলন মাস্ক। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি এই নিয়ে মন্তব্য করেছেন।
এলন মাস্কের বক্তব্য, এতদিনেও ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না হওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। তাঁর মনে হয়েছে, রাষ্ট্রসংঘের নিয়মে এখন পরিবর্তন আনা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ফ্রান্সও ভারতের বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছে ইতিমধ্যেই। ভারত যাতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে সেই সওয়াল তুলেছে তারা। এহেন পরিস্থিতিতে মাস্কের স্পষ্ট বক্তব্য, ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়ে থাকাটাই বিস্ময়কর। তবে শুধু ভারত নয়, আফ্রিকারও একটি স্থায়ী পদ পাওয়া উচিত বলে দাবি করেছেন এলন মাস্ক।
রাষ্ট্রসংঘে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২০০-র ওপর হলেও এখনও ভারত অস্থায়ী সদস্য। এই নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকেও যে কিছু বলা হয়নি এমনটা নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে ইতিবাচক কোনও পদক্ষেপ দেখতে পায়নি ভারত।
কিন্তু কেন ভারতকে নিয়ে এ ব্যাপারে ভাবা হচ্ছে না? এই বিষয়ে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে ভারতেরই পড়শি দেশ চিনের নাম। আমেরিকা, ফ্রান্স বা ব্রিটেন ভারতের পাশে দাঁড়ালেও সরাসরি ভারতের বিরোধিতা করে চলেছে চিন। এমনকি বেজিং সরকার তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টিকে বারবার বাধা দিচ্ছে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এখনও পর্যন্ত পাঁচটি দেশকে স্থায়ী সদস্য করেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখানে ভারত ঢুকলে সমস্যা বাড়বে জিংপিং সরকারের। কারণ তারা ছাড়া বাকিদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।