
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 12 February 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠানোর কাজ শুরু করেছে আমেরিকা। এরই মধ্যে এইচ ১বি ভিসা নিয়ে কাজের জন্য যারা সে দেশে থাকেন এবং সন্তান নেওয়ার কথা ভাবছেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবনায় রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলেন ভাবনা।
আমেরিকায় কর্মসূত্রে বহু ভারতীয় দম্পতি থাকেন। তাঁরা আবার সন্তান নেওয়ার পরিকল্পনা করে সে দেশেই পাকাপাকিভাবে বসবাসের কথাও চিন্তা করেন। কারণ সন্তান জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যায়। কিন্তু এই আইন বাতিল করার ভাবনা নিয়ে নয়া মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প এই নাগরিকত্ব সংক্রান্ত ১৫৬ বছরের পুরনো আইন বদলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন। তবে বিষয়টি এখন আদালতের বিচারাধীন।
গত জানুয়ারি মাসে এই সংক্রান্ত একটি নির্দেশনামায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তারপরই বিষয়টি আদালতে যায়। এখন তিনি অপেক্ষা করছেন আদালত থেকে এই ইস্যুতে সবুজ সঙ্কেত পাওয়ার। তারপরই আইন বাতিল হলে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা, যারা সন্তানের কথা ভাবছেন তাঁদের স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বলে, সে দেশে জন্মানো প্রতিটি শিশু স্বাভাবিক নিয়মে নাগরিকত্ব পাবে। তার বাবা-মা অন্য কোনও দেশের নাগরিক হলেও। তবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে এসেই ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছিলেন এই আইনের জন্য দেশে অভিবাসী সমস্যা বাড়ছে। তাই এই আইনের বদল আনা দরকার। সেই প্রেক্ষিতেই আইন বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য এখন সে দেশে থাকা বহু ভারতীয় গর্ভবতী মহিলা চাইছেন নয়া সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই সন্তানের জন্ম দিতে। কিছুটা ঝুঁকি থাকলেও চেষ্টা করছেন সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে। কিন্তু তেমনটা হলেও ভবিষ্যতে যে সমস্যা হবে না তা নিশ্চিত নয়। আগামী দিনে এইচ ১বি ভিসা ধারণকারী সন্তানরাও সমস্যার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা।