
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 April 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: ঢিলের বদলা পাটকেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-বদলা নীতির সপাটে জবাব দিল চিন। শুক্রবার বেজিংয়ের বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিল, তারা মার্কিন পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ মাশুল বৃদ্ধি করছে। আগামী ১০ এপ্রিল থেকে এই বৃদ্ধি লাগু করা হবে। স্পষ্ট ভাষায় চিন জানিয়ে দিয়েছে, এটা আমেরিকার প্রেসিডেন্টের শুল্কবৃদ্ধির পালটা পদক্ষেপ।
একইসঙ্গে চিন জানিয়েছে, তারা একতরফা মার্কিন নীতির বিরোধিতা করে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) মামলা করেছে। বেজিংয়ের বাণিজ্য মন্ত্রক বলে, মার্কিন নীতির বিরুদ্ধে ডব্লুটিও-তে একটি বোঝাপড়া চায় তারা। সে কারণে মামলা করা হয়েছে। চিন ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় এলাকার একাধিক দেশ ট্রাম্পের নাতিকে অস্বচ্ছ বলে বর্ণনা করেছে। যা তাদের দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
চিন আমেরিকায় রফতানি করা প্রধান কিছু উপকরণ এবং দুষ্প্রাপ্য খনিজে বিশাল শুল্ক ধার্য করেছে। যেমন- সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টেরবিয়াম, ডাইস্প্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যানডিয়াম এবং ওয়াটিরিয়াম হল অত্যন্ত দুষ্প্রাপ্য খনিজ। যা হাই-টেক উৎপাদন শিল্প এবং প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয়।
চিনা বাণিজ্য মন্ত্রকের তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সরকার রফতানিতে নিয়ন্ত্রণ প্রয়োগ করছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। জাতীয় সুরক্ষা এবং স্বার্থ বজায় রাখতে চিনের আইনে এই বিধি রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এই নীতি নিয়েছি। এছাড়াও বেজিং ১১ বিদেশি সংস্থাকে 'বিশ্বাসযোগ্য নয়' বলে তকমা দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছে।