লোহিত সাগরে ড্রাগনের তাণ্ডবনাচ। জার্মানির বিমান লক্ষ্য করে লোহিত সাগর থেকে চিনের যুদ্ধজাহাজ লেজার ছুড়েছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 July 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: লোহিত সাগরে ড্রাগনের তাণ্ডবনাচ। জার্মানির বিমান লক্ষ্য করে লোহিত সাগর থেকে চিনের যুদ্ধজাহাজ লেজার ছুড়েছে বলে অভিযোগ। মঙ্গলবার এই ইস্যুতে জার্মানির বিদেশ মন্ত্রক চিনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। বার্লিনের অভিযোগ, লোহিত সাগরে চক্কর মারা তাদের একটি টহলদারি বিমান লক্ষ্য করে চিনা যুদ্ধজাহাজ থেকে লেজার ছোড়া হয়েছে। যাকে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে জার্মান বিদেশ মন্ত্রক ব্যাখ্যা করে।
জার্মানির বিমানটি ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন ASPIDES মিশনের অন্তর্গত ছিল। এই মিশনের লক্ষ্য হল, লোহিত সাগরে ইয়েমেনের হুতি জঙ্গিদের হানাদারি থেকে অসামরিক জাহাজকে সুরক্ষা দেওয়া। জার্মান বিদেশ মন্ত্রক চিনের এহেন গুরুতর কাজের নিন্দা করে বলা হয়েছে লেজার ছোড়ায় পার্সোনেল ও অপারেশনাল নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। যা কোনওমতেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, এই ঘটনায় এমনিতেই উত্তেজনাপ্রবণ লোহিত সাগরীয় এলাকায় নতুন করে উত্তাপ বৃদ্ধি করল। এবং এশীয় কমিউনিস্ট রাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও প্রভাব ফেলতে চলেছে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এমাসের গোড়া থেকেই চিনের যুদ্ধজাহাজ থেকে এ ধরনের লেজার ছোড়া হচ্ছে। এক নয়, একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিনা কারণে ও আগাম না জানিয়ে চিনের নৌসেনা এই কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক সতর্কতা হিসেবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রক আপাতত ওই মিশন বন্ধ রেখেছে। জার্মান বিমানটি নিরাপদে একটি বিমানঘাঁটিতে অবতরণ করে এবং চালক নিরাপদে আছেন। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের এই মিশনের লক্ষ্য হল, অসামরিক জলযানকে হুতিদের হাত থেকে রক্ষা করা এবং হাইরিস্ক জোন হিসেবে কুখ্যাত লোহিত সাগর এলাকায় নিরাপদে বাণিজ্যপথ খোলা রাখা। এদিনও ইয়েমেনের হুতি জলদস্যুরা একটি লাইবেরীয় পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ঘণ্টাখানেক ধরে হামলা চালায়।