Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হাসিনার শুভেচ্ছা, ত্রিপুরার জন্য বাংলাদেশের হাঁড়িভাঙা আম, ৫০ কেজি ইলিশ এল আগরতলায়

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পাঁচশো কেজি ত্রিপুরার বিখ্যাত 'রানি' আনারস পাঠিয়েছিলেন ঢাকায়। গতকাল দুপুরে যার 'প্রত্যুত্তর' দিয়েছেন হাসিনা। দুপুর বারোটা বাজতেই আখাউড়া-আগরতলা চেকপোস্ট পেরিয়ে ভারতে এসে পৌঁছল চারশো কেজি হাঁড়িভাঙা আম, পঞ্চাশ কিলো ইলিশ মাছ ও পঞ্চাশ কেজি মিষ্টি!

হাসিনার শুভেচ্ছা, ত্রিপুরার জন্য বাংলাদেশের হাঁড়িভাঙা আম, ৫০ কেজি ইলিশ এল আগরতলায়

আখাউড়া-আগরতলা সীমান্ত হয়ে শেখ হাসিনার উপহার এসে পৌঁছল ত্রিপুরায়।

শেষ আপডেট: 28 June 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসে পর-পর দুইবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে সাদর আপ্যায়ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নতুন মোদী-সরকারের শপথগ্রহণেও উপস্থিত ছিলেন হাসিনা। দেখা করেছেন সনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়ঙ্কার সঙ্গেও। বরাবরই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এলে কূটনীতির অঙ্কে মিশে যায় আন্তরিক হৃদ্যতা। জুড়ে যায় পশ্চিমবঙ্গ-ত্রিপুরা-অসমের নানা রাজনৈতিক অঙ্ক। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে হাসিনা ঢাকা ফিরতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একশোটি কার্টনে করে মোট পাঁচশো কেজি ত্রিপুরার বিখ্যাত 'রানি' আনারস পাঠিয়েছিলেন ঢাকায়। গতকাল দুপুরে যার 'প্রত্যুত্তর' দিয়েছেন হাসিনা। দুপুর বারোটা বাজতেই আখাউড়া-আগরতলা চেকপোস্ট পেরিয়ে ভারতে এসে পৌঁছল চারশো কেজি হাঁড়িভাঙা আম, পঞ্চাশ কিলো ইলিশ মাছ ও পঞ্চাশ কেজি মিষ্টি! 

আতিথেয়তা ও উপহারের জন্য বাংলাদেশের সুনাম দীর্ঘদিনের। প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গ-ত্রিপুরার জন্য নানাবিধ উপহার আসে ঢাকা থেকে। সাদরে যা গ্রহণ করে ভারত। পাঠানো হয় ফিরতি উপহার। গত বছর জুন মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছ'শো কেজি ল্যাংড়া ও হিমসাগর আম পাঠিয়েছিলেন হাসিনা। বেনাপোল-পেট্রাপোল হয়ে সটান একেবারে কালীঘাটে এসে হাজির হয়েছিল সেই আম। পাল্টা মমতাও পুজোর সময় হাসিনার জন্য বাংলার হাতে-বানানো শাড়ি পাঠান। ঈদেও দুই নেত্রীর শুভেচ্ছা, উপহার দেওয়া-নেওয়া চলে। হাসিনা দিল্লি এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো না হলে বেজায় ক্ষুব্ধ হ'ন মমতা। হাসিনা তাঁকে বোনের মত দেখেন। ২০২০ সালে করোনার মধ্যেও মমতার জন্য পুজোয় শাড়ি ও গোপালগঞ্জের বিখ্যাত মিষ্টি পাঠিয়েছিলেন হাসিনা। ২০১৯ সালে কলকাতার ইডেনে প্রথম দিনরাতের পিঙ্ক-বল টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচে উপস্থিত ছিলেন হাসিনা ও মমতা। সূত্রের খবর, খেলার ফাঁকে কূটনীতির নানা বিষয় নিয়ে আলোচনা সেরেছিলেন দুই নেত্রী। তার মাঝেই আলিপুরের তাজবেঙ্গল হোটেলে হাসিনার জন্য হাজির হয়েছিল মমতার বিশেষ উপহার স্বর্ণচরী শাড়ি। হাসিনাও পাল্টা বাংলাদেশের তাঁতের শাড়ি পাঠিয়েছিলেন কালীঘাটে। এবার ত্রিপুরাতেও বাংলাদেশের আতিথেয়তার ছোঁয়া গিয়ে পৌঁছতে দৃশ্যতই খুশি আগরতলার প্রশাসনিক কর্তারা। 

বৃহস্পতিবার দুপুরে আগরতলা-আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশ আঞ্চলিক প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের মধ্যে এই নিয়ে কার্যত সাড়া পড়ে গিয়েছিল। উপহার হস্তান্তর করতে হাজির ছিলেন আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রধান সচিব (ফার্স্ট সেক্রেটারি) রেজাউল হক চৌধুরী ও সচিব আল আমিন। সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টমস সুপার আব্দুল কাইয়ুম তালুকদার, আখাউড়া ইমিগ্রেশন ইন-চার্চ মহম্মদ খাইরুল আলম ও আগরতলার কাস্টমস প্রধান দিব্যেন্দু ভৌমিক। সচি রেজাউল হক চৌধুরী বলেন, 'আজ একটি খুশির দিন। ১৯৭১ সালের আগে থেকেই কিন্তু ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। এই উপহারের মাধ্যমে সেই বন্ধুত্ব আরও ভাল হবে। আমরা আমাদের প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।' 

ত্রিপুরার 'আনারস-কূটনীতি'-ও অবশ্য নতুন নয়। এমনিতে আনারস উৎপাদনে ত্রিপুরার নাম রয়েছে। বাংলাদেশের পাশাপাশি দুবাই, কাতার এমনকি ইউরোপেও ত্রিপুরার আনারস রফতানি করে ভারত। প্রতি বছর প্রায় আট হাজার হেক্টর জমিতে গড়ে ১ লক্ষ মেট্রিক টনের বেশি আনারস উৎপাদন করে ত্রিপুরা। যার অনেক খামারই আবার সরাসরি রাজ্য সরকার পরিচালিত। স্বাদে, গন্ধে এমনকি খাদ্যগুণের দিক দিয়েও এই রানি আনারস অতুলনীয়। গত বছর সরকারের তরফে 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন' বা জিআই ট্যাগ পেয়েছে এই আনারস। আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও ত্রিপুরার আনারস নিয়মিত পাঠাতেন বাংলাদেশে। এবার সেই পথে পা রাখলেন মানিক সাহা।

কলকাতায় হাসিনার উপহার এলেই কৌতূহল ছড়ায়, অত উপহার নিয়ে মমতা কী করবেন? অত্যন্ত সাদামাটা ভাবে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দেশ-বিদেশ থেকে যা উপহার আসে, সবটাই বিলিয়ে দেন তিনি। কালীঘাটের অন্দরে কানাঘুষো, হাসিনার উপহার এলেই অতএব প্রশাসনের অন্দরে বেশ সাড়া পড়ে যায়। দল ও প্রশাসনের অনেকের কাছে সেই উপহার পাঠান মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আপাতত দিল্লিতে। তিনি আগরতলা ফিরলে আমের ভাগ কারা কারা পান, আপাতত সেই নিয়েই কৌতূহল ত্রিপুরা প্রশাসনে।   


```