হ্যানসন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর। ১৯৯০-এর দশক থেকেই অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনি। এ নিয়ে তাঁর একাধিক বিতর্কও রয়েছে।

বোরখা পরে পার্লামেন্টে পলিন হ্যানসন
শেষ আপডেট: 24 November 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia News) রাজনীতিতে ফের শোরগোল। মুসলিম মহিলাদের বোরখা (burqa) নিষিদ্ধ করার দাবিতে সোমবার সেখানকার পার্লামেন্টে (Parliament) বোরখা পরে হাজির হলেন কট্টর-ডানপন্থী সেনেটর পলিন হ্যানসন। তাঁর এই বেশভূষা, আচরণে সংসদের মধ্যেই হইচই শুরু হয়ে যায়। মুসলিম সেনেটররা (Muslim ) সরাসরি ‘বর্ণবিদ্বেষ’ বলে চিৎকার-চেঁচামিচি করতে থাকেন (Australian senator faces backlash for wearing burqa)।
দিনের শুরুতেই হ্যানসনকে বোরখা-সহ যে কোনও পূর্ণ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার বিল পেশ করতে দেওয়া হয়নি। তারপরই তিনি প্রতিবাদের ছলে পুরো বোরখা পরে সেনেট চেম্বারে ঢুকে পড়েন। তাঁর প্রবেশমাত্রই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে অধিবেশন। বোরখা খোলার নির্দেশ দিলেও হ্যানসন তা মানতে অস্বীকার করায় কার্যত স্থগিত রাখতে হয় সংসদের কাজ।
নিউ সাউথ ওয়েলসের গ্রিনস সেনেটর মেহরিন ফারুকি (Mehreen Faruqi) ক্ষুব্ধ ভাষায় বলেন, “এ এক বর্ণবিদ্বেষী প্রচার। স্পষ্ট বর্ণবিদ্বেষ।” পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাধীন সেনেটর ফাতিমা পেম্যানও হ্যানসনের কর্মকাণ্ডকে “লজ্জাজনক” বলে আখ্যা দেন।
সরকারি দলের সেনেট নেতা পেনি ওং এবং বিরোধী জোটের উপনেতা অ্যান রাস্টন, দু'জনেই নিন্দায় সরব হন। ওং সংসদে হ্যানসনকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবও আনেন। হ্যানসন চেম্বার ছাড়তে অস্বীকার করায় কিছুক্ষণ পরেই পুরো অধিবেশন স্থগিত করতে হয়।
হ্যানসন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর। ১৯৯০-এর দশক থেকেই অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনি। এ নিয়ে তাঁর একাধিক বিতর্কও রয়েছে। জাতীয় স্তরে বোরখা নিষিদ্ধ করার দাবিতে ২০১৭ সালেও সংসদে বোরখা পরে ঢুকে পড়েছিলেন তিনি ।
সাম্প্রতিক নির্বাচনে তাঁর দল ‘ওয়ান নেশন’ (One Nation) সেনেটে চারটি আসন পেয়েছে। ডানপন্থী, অভিবাসন-বিরোধী রাজনীতির জোয়ারেই দলের শক্তি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হ্যানসন লিখেছেন, সংসদ যখন তাঁর বিল নাকচ করেছে, তখন তিনি বাধ্য হয়ে প্রতিবাদের ভাষা হিসেবে বোরখা ব্যবহার করেছেন। তাঁর দাবি, “পার্লামেন্ট যদি এটা নিষিদ্ধ না করে, আমি দেখাব কতটা ঝুঁকি লুকিয়ে আছে।” তারপরই তিনি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন, “যদি চান আমি এটা না পরি, তবে বোরখা নিষিদ্ধ করুন।”