
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ চলতি মাসের শুরুর দিকেই জানিয়েছিলেন মানসিক স্বাস্থ্যরক্ষা করতে সে দেশে ১৬ বছরের কম বয়সীরা কোনও ভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না।
পাশাপাশি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে এও নির্দেশ দেন এ ব্যাপারে যেন তারা নতুন করে নিয়ম লাগু করে। যদি তা না করা হয় তাহলে সরকারকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ তখন এও জানান যে, চলতি বছরের মধ্যেই সংসদে এ ব্যাপারে আইন পাশ করা হবে। হলও তাই।
বুধবার এই বিলের পক্ষে ১০২টি এবং বিপক্ষে ১৩টি ভোট পড়ে। গুগল এবং মেটা এই সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি বিল পেশে বিলম্বের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তারপরও অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে অন্যতম কড়া আইন প্রস্তাব পাশ হল।
সাংবাদিক সম্মেলনে অ্যান্টনি আলবানিজ এ ব্যাপারে জানিয়েছিলেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের তরুণদের সামাজিক ক্ষতি করছে। তাদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আমাদের কর্তব্য। তাই তরুণ অস্ট্রেলিয়ানদের সুরক্ষার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। বাবা-মা এবং শিক্ষকরা যাঁরা এই সমস্যাগুলো নিয়ে কাজ করছেন, তাঁদের সহায়তা করার জন্য এই পদক্ষেপ।'
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর কথায়, 'আমরা আগে থেকেই বলতে চাই এটি সমস্ত সমস্যার সমাধান করবে না। তবে একটি সামাজিক বার্তা পাঠাবে যা সমাজের উন্নতির ক্ষেত্রে উপযুক্ত বলে মনে করি।'