.webp)
শেষ আপডেট: 16 June 2024 11:24
দ্য ওয়াল ব্যুরো: ওয়াটারে পার্কে খেলছিল শিশুরা। আচমকা রাস্তার ধারে থামল একটি গাড়ি। নেমে এল এক বন্দুকধারী। চোখের পলকে পার্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতী। ঘটনায় দুই শিশু-সহ ১০জন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে শিশুদের একটি ওয়াটার পার্কে। ঘটনার পর কাছেই একটি বাড়িতে ঢুকে পড়ে আততায়ী। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনার জেরে স্থানীয় জনমানসে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড বলেছেন, "ঘটনায় অন্তত ১০ জন জখম হয়েছেন। কী কারণে এই গুলি কাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।"
শনিবার বিকেল পাঁচটার পরে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থাকে জানিয়েছে, ওই দুষ্কৃতী একাধিকবার নিজের বন্দুকে গুলি ভরেছে এবং অন্তত ২৮টি গুলি ছুড়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, "পার্কে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে।"
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তা না হলে শিশুদের ওয়াটার পার্কে হামলা কেন? অপরাধীকে হাতে নাতে ধরতে পুলিশ অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে সংশ্লিষ্ট বাড়িটি ঘিরে রেখেছে। ওই এলাকার আশেপাশের মানুষকে আপাতত বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে।