পূর্ব আফগানিস্তানে রবিবার গভীর রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৮০০ জনেরও বেশি মানুষের। আহত অন্তত আড়াই হাজার।

আফগানিস্তানের পাশে ভারত
শেষ আপডেট: 2 September 2025 07:38
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত আফগানিস্তানের (Afghanisthan) পাশে দাঁড়াল ভারত (India)। পূর্ব আফগানিস্তানে রবিবার গভীর রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৮০০ জনেরও বেশি মানুষের। আহত অন্তত আড়াই হাজার। এহেন কঠিন সময়ে কাবুলকে (Kabul) দ্রুত সাহায্য পাঠাচ্ছে দিল্লি (Delhi)।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সোমবার আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন। শোকপ্রকাশের পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে ভারতের পাঠানো ১,০০০ পরিবারের জন্য তাঁবু। পাশাপাশি আফগানিস্তানের কুনার প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে ১৫ টন খাদ্যসামগ্রী।
জয়শঙ্করের আশ্বাস— এটাই শুরু। আরও ত্রাণসামগ্রী আগামিকাল থেকে পাঠানো হবে। তাঁর কথায়, “আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের এই দুঃসময়ে ভারত পাশে আছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) শোকবার্তা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে লিখেছেন, “আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানিতে আমরা গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভারত সব ধরনের মানবিক সাহায্য করতে প্রস্তুত।”
আন্তর্জাতিক মহলের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুর্যোগকবলিত দেশে মানবিক ত্রাণ পাঠাতে তৎপর দিল্লি। সীমান্ত পেরিয়ে দুঃখের সময়ে আফগানদের পাশে থাকার বার্তাই দিচ্ছে মোদী সরকার।
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৮০০। আহত আরও অনেকে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে খবর, গভীর রাতে আফগানিস্তানের উত্তর-পূর্বে কুনার প্রদেশে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কোথাও কোথাও ধসে পড়ে ঘরবাড়ি। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ।
সে দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, জালালাবাদের কাছে এক গ্রামে ৩০ জনের মৃত্যু হয়েছে। নানগরহরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ন’জনের। আহতের সংখ্যা অন্তত ২৫। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আশপাশের গ্রামগুলি মিলিয়ে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া লাগোয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাদেশিক তথ্য প্রধান নাজিবুল্লাহ হানিফের কথায়, ‘‘এখনও পর্যন্ত শয়ে শয়ে আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’’ রয়টার্সের দাবি, ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যে ৮০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও অন্তত কয়েক হাজার বলে আশঙ্কা।
স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শরাফাত জামান বলছেন, ‘‘যা মনে হচ্ছে, হতাহতের সংখ্যা অনেক বেশি। কিন্তু অপেক্ষাকৃত দুর্গম এলাকাগুলিতে উদ্ধারকারী দলকে পৌঁছোতে বেশ বেগ পেতে হচ্ছে। তাই সঠিক সংখ্যা এখনও জানা যাচ্ছে না। উদ্ধারকাজ চলছে।’’