
বেঞ্জামিন নেতানিয়াহু।
শেষ আপডেট: 19 October 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা। ইজরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, উত্তরের কায়েজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে ড্রোন হামলা হয়। সেই সময় অবশ্য বেঞ্জামিন নেতানিয়াহু বাড়িতে ছিলেন না। হামলায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত দুদিন আগেই গাজায় হামাস প্রধান ইয়াহ্ইয়া সিনোয়ারকে ড্রোন আক্রমণেই খতম করেছিল ইজরায়েল। তারপর হামাস, হিজবুল্লা ও ইরান সম্মিলিতভাবে মুসলিম দুনিয়ার প্রতিরোধ বাহিনী ওই ঘটনার প্রতিশোধ নেবে বলে হুমকি দিয়েছিল। শনিবার সেই চেষ্টা করা হলেও ইজরায়েল সরকার জানিয়েছে, ড্রোন হানার সময় নেতানিয়াহু কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে ছিলেন না।
ইজরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র আরও বলেন, একটি ইউএভি (চালকহীন বায়ুযান) প্রধানমন্ত্রীর কায়েজারিয়া শহরের নিজস্ব বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। সেই সময় প্রধানমন্ত্রী কিংবা তাঁর স্ত্রী কেউই সেখানে ছিলেন না। ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে ইজরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেটি একটি বাড়িতে এসে ধাক্কা মারে। লেবানন থেকে ছোড়া আরও দুটি ড্রোন ইজরায়েলের সীমানা পেরনো মাত্রই তা নিষ্ক্রিয় করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লেবাননি হিজবুল্লার তরফে ড্রোন ছোড়ার কথা স্বীকার করা হয়নি।